ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬ : চুরি করতে এসে বাড়িতে বসে রীতিমতো ভোজ সারল দুষ্কৃতীরা! ফ্রিজ খুলে খাবার খাওয়া, মদ্যপান, এমনকী বাড়ি ছাড়ার সময় রান্নাঘর থেকে দু’ট্রে ডিম নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চোরের দলের বিরুদ্ধে। অথচ বাড়িতে সোনার গয়না থাকা সত্ত্বেও সেগুলিতে হাত দেয়নি তারা। তবে সাত লক্ষ টাকারও বেশি নগদ অর্থ, জমির দলিল এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। এমন অদ্ভুত চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়।
ঘটনাটি গাইঘাটা থানার ডুমা গ্রাম পঞ্চায়েতের ছোট সেহানা গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় সিভিল কন্ট্রাক্টর হেমন্ত সরকার কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। দু’দিন আগে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দক্ষিণ দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে ফাঁকা বাড়িতে হানা দেয় চোরের দল।
বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন, মূল গেট-সহ একাধিক জায়গার তালা ভাঙা। ঘরের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অভিযোগ, লকার ভেঙে সাত লক্ষ টাকারও বেশি নগদ অর্থ, কাঁসা-পিতলের সামগ্রী, ঠাকুরঘরের মূর্তি, জমির দলিল-সহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যাওয়া হয়েছে।
তবে চোরেদের কাণ্ডকারখানা দেখে আরও অবাক পরিবারের সদস্যরা। অভিযোগ, চুরির পাশাপাশি রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে খাবার বের করে খেয়েছে তারা। বাড়িতে বসেই মদ্যপান করেছে। যাওয়ার সময় দু’ট্রে ডিমও নিয়ে গিয়েছে। অথচ বাড়িতে সোনার গয়না থাকা সত্ত্বেও সেগুলি অক্ষত রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সিসিটিভির হার্ডডিস্ক চুরি হয়ে যাওয়ায় দুষ্কৃতীদের শনাক্ত করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। চোরের দলের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।









