ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: আশির ও নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়া কি ফিরতে চলেছে আবার? ছোটবেলার প্রিয় কমলালেবুর স্বাদের ঠান্ডা পানীয় ‘গোল্ড স্পট’ (Gold Spot) নাকি ফিরছে ভারতীয় বাজারে! আর এই জল্পনায় নতুন করে আগুন ধরিয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি ছবি। স্ত্রী সাক্ষী ধোনির সোশ্যাল মিডিয়া পোস্টে গোল্ড স্পটের ক্যান দেখা যেতেই শুরু হয়েছে জোর চর্চা।
সূত্রের খবর, প্রায় ২৬ বছর পর জনপ্রিয় এই পানীয় বাজারে ফেরানোর পরিকল্পনা করছে কোকা-কোলা। ২০২৬ সালের নভেম্বরের শেষ সপ্তাহেই বাজারে আসতে পারে এই পানীয়। তবে এবারের গোল্ড স্পটের স্বাদ ও উপাদানে থাকতে পারে পরিবর্তন। ক্রেতাদের নতুন চাহিদার কথা মাথায় রেখে কম চিনি অথবা চিনি ছাড়া সংস্করণে এটি ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।
১৯৫২ সালে পার্লে সংস্থা প্রথম গোল্ড স্পট বাজারে আনে। কমলালেবুর স্বাদের এই পানীয় আশি ও নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ১৯৯৩ সালে কোকা-কোলা পার্লের পানীয় ব্যবসা অধিগ্রহণ করে। এরপর ২০০০ সালে ফ্যান্টার জন্য জায়গা করে দিতে গোল্ড স্পটের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
ধোনির ছবিতে গোল্ড স্পটের উপস্থিতি ঘিরে তাঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জল্পনাও তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।









