ফক্সকনের বিরুদ্ধে ১৪৩ কোটির মামলা! এবার কি কমতে চলেছে Apple-এর সরবরাহ?

কর্মীদের ডরমিটরি ভাড়া ও ইউটিলিটি বিল বকেয়ার অভিযোগে ফক্সকনের ভারতীয় ইউনিটের বিরুদ্ধে ১৪৩ কোটি টাকার মামলা করেছে BCD Emprasa LLP।

Share:

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: ভারতে ব্যবসা সম্প্রসারণের মাঝেই বড়সড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল Apple-এর অন্যতম প্রধান উৎপাদন সহযোগী Foxconn। কর্মীদের আবাসনের ভাড়া এবং পরিষেবা সংক্রান্ত বকেয়া টাকা না মেটানোর অভিযোগে সংস্থাটির ভারতীয় শাখার বিরুদ্ধে প্রায় ১৪৩ কোটি টাকার দেউলিয়া সংক্রান্ত মামলা দায়ের হয়েছে।

বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, BCD Emprasa LLP নামে একটি সংস্থা ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের (NCLT) চেন্নাই বেঞ্চে এই মামলা করেছে। অভিযোগ, বেঙ্গালুরুতে Foxconn-এর কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করেছিল BCD। ২০২৪ সালের এপ্রিল মাসে হওয়া চুক্তি অনুযায়ী, মহিলা কর্মীদের জন্য ৭০০টি আবাসিক ইউনিট ভাড়া নেওয়া হয়েছিল।

কিন্তু অভিযোগ, ২০২৫ সালের মে মাসে বকেয়া হওয়া একটি ইনভয়েসের টাকা মেটায়নি Foxconn। ফলে সুদ, পরিষেবা খরচ এবং ক্ষতিপূরণ-সহ প্রায় ১৪৩ কোটি টাকা দাবি করেছে BCD।

শুধু একটি সংস্থা নয়, আরও অন্তত চারজন ভারতীয় সরবরাহকারী কয়েক মাস থেকে এক বছরেরও বেশি সময় ধরে বকেয়া পাওনার অপেক্ষায় রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন বেঙ্গালুরু কারখানার নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

এই ঘটনায় Foxconn-এর ভারতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সরাসরি ব্যাহত হওয়ার আশঙ্কা না থাকলেও, Apple-এর সরবরাহ শৃঙ্খলে আরও বড় ভূমিকা নেওয়ার প্রতিযোগিতায় সংস্থাটির উপর চাপ বাড়তে পারে।

Foxconn এখনও এই মামলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। অন্যদিকে, BCD জানিয়েছে, বিষয়টি বর্তমানে বিচারাধীন।