আমাকে ঈশ্বরই বাঁচিয়েছেন’ – মৃত্যুর পর প্রকাশ্যে পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরি, তোলপাড় বিশ্ব

ভ্যাটিকানের প্রকাশিত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে শয়তান, নরক, আধ্যাত্মিক সংকট এবং পাদরিদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ উঠে এসেছে।

Share:

ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : ভ্যাটিকানের হাত ধরে সামনে এল পোপ ফ্রান্সিসের জীবনের সবচেয়ে গোপন অধ্যায়! মঙ্গলবার প্রকাশ পেল ‘দ্য প্রাইভেট ডায়েরি অফ পোপ ফ্রান্সিস’। ২৪ নভেম্বর বিশ্বজুড়ে প্রকাশ্যে আসতেই এই বই নিয়ে শুরু হয়ে গেছে তুমুল আলোচনা, কৌতূহল আর বিতর্ক। কারণ, এই বইয়ে রয়েছে এমন সব লেখা, যা এতদিন শুধুই একটা কালো প্লাস্টিকের ডায়েরির পাতায় বন্দি ছিল।

১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩২ বছর ধরে নিজের হাতে লিখে গিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেই ডায়েরিরই বাছাই করা অংশ নিয়েই তৈরি হয়েছে এই বই। আর সেখানেই উঠে এসেছে তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে মানবিক মুহূর্তগুলো। ডায়েরিতে তিনি লিখেছেন, ধর্মীয় জীবনে একাধিক বার শয়তানকে দেখার অনুভূতি হয়েছিল তাঁর। এমনকি নরকের দরজা দেখার কথাও উল্লেখ করেছেন তিনি। তবে এই বর্ণনাগুলি তাঁর ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে উপস্থাপিত হয়েছে, যাচাই করা ঘটনা হিসেবে নয়।

বইটি সম্পাদনা করেছেন পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। আর্জেন্টিনার এই ধর্মতাত্ত্বিক এখন ভ্যাটিকানের ধর্মীয় মতবাদ বিভাগের প্রধান। বইয়ে তাঁর টীকা ও ব্যাখ্যাও রয়েছে, যা লেখাগুলোর প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে। ফার্নান্দেজের দাবি, ফ্রান্সিস নিজেই চেয়েছিলেন এগুলো একদিন প্রকাশিত হোক।

২০২১-২২ সালের সময়টিই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ। বইয়ের মতে, তখন ফ্রান্সিস গভীর আধ্যাত্মিক সংকটে ছিলেন, যার মূলে ছিল তাঁর হাতে থাকা অপার ক্ষমতা ব্যবহারের লোভ। এই অন্তর্দ্বন্দ্ব ও প্രলোভন তাঁকে গভীরভাবে বিচলিত করে। তবে শেষ পর্যন্ত ঈশ্বরের কৃপায় পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে তিনি সেই অন্ধকার সময় কাটিয়ে ওঠেন।

শুধু ক্ষমতা বা প্রলোভন নয়, বইটিতে ফ্রান্সিসের ভয়, অনিশ্চয়তা, স্বপ্ন ও দুর্বলতাও উঠে এসেছে। নিজের প্রতি তিনি ছিলেন অত্যন্ত কঠোর। পাদরিদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ও সেই ভয়ংকর সত্য প্রকাশের পর তাঁর মনে যে কষ্ট জন্মেছিল, তাও ডায়েরিতে লেখা আছে।