ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: ভারতের অন্যতম পরিচিত শিল্পগোষ্ঠী TVS পরিবারে সম্পত্তি ও উত্তরাধিকার নিয়ে বিবাদ এবার পৌঁছল আদালতে। বাবা ভেনু শ্রীনিবাসনের বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের করলেন মেয়ে লক্ষ্মী ভেনু। পরিবারের যৌথ সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ দাবি করে সম্পত্তি ভাগের আবেদন জানিয়েছেন তিনি।
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ নভেম্বর বাবাকে সম্পত্তি ভাগের আইনি নোটিস পাঠিয়েছিলেন লক্ষ্মী। কিন্তু তাঁর অভিযোগ, সেই নোটিসের জবাবে নিজের অধিকার স্বীকার করা হয়নি। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ২০২০ সালে TVS পরিবারের বৃহত্তর সম্পত্তি পুনর্বিন্যাস এবং ২০২৪ সালে পরিবারের চার সদস্যের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতাপত্র। ভেনু শ্রীনিবাসন ও তাঁর ছেলে সুদর্শন ভেনুর দাবি, ইতিমধ্যেই পারিবারিক সমঝোতা সম্পন্ন হয়েছে। অন্যদিকে, লক্ষ্মী ও তাঁর মা মল্লিকা শ্রীনিবাসনের বক্তব্য, পরিবারের সম্পদের পূর্ণাঙ্গ আর্থিক বিভাজন এখনও হয়নি।
লক্ষ্মীর দাবি, VS Trust-সহ বিভিন্ন হোল্ডিং কাঠামোর মাধ্যমে থাকা TVS Holdings, TVS Motor, TVS Credit Services এবং Sundaram-Clayton-এর সম্পদে তাঁর ন্যায্য অধিকার রয়েছে। সম্পত্তি সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও তথ্য পাওয়ার আবেদনও জানিয়েছেন তিনি।
মেয়ের পাশে দাঁড়িয়েছেন মা মল্লিকা। তাঁর বক্তব্য, সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে ও মেয়ের অধিকার সমান হওয়া উচিত।
তবে লক্ষ্মী স্পষ্ট করেছেন, এই মামলা কোনও সংস্থার ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে নয়, বরং পরিবারের যৌথ সম্পত্তির মালিকানা ও বণ্টন নিয়েই। আগামী ২৭ নভেম্বর মামলাটি আদালতে ওঠার সম্ভাবনা রয়েছে।







