ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: শীতকাল মানেই বাজারে টাটকা সবুজ মটরের ছড়াছড়ি। এই মরশুমে মটর দিয়ে সাধারণ তরকারি তো অনেকেই খান। কিন্তু কখনও কি চেখে দেখেছেন উত্তরপ্রদেশের জনপ্রিয় পদ ‘মটর নিমোনা’? মটরশুঁটি, আলু ও দেশি মশলার মেলবন্ধনে তৈরি এই পদ স্বাদে যেমন অসাধারণ, তেমনই শীতের দুপুরে ভাত কিংবা রুটির সঙ্গে জমে যায় দারুণ।
উপকরণ:
টাটকা সবুজ মটরশুঁটি – ২ কাপ
আলু – ২টি
পেঁয়াজ – ১টি
টম্যাটো – ২টি
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা – ২টি
সর্ষের তেল – ২ টেবিল চামচ
জিরে – আধ চা চামচ
হলুদ, ধনে ও লঙ্কার গুঁড়ো – পরিমাণমতো
হিং, গরমমশলা, নুন ও ধনেপাতা – প্রয়োজনমতো
প্রণালী:
1. প্রথমে মটরশুঁটির বেশির ভাগ অংশ মিক্সিতে অল্প জল দিয়ে মোটা করে বেটে নিন। কিছু গোটা মটর রেখে দিন।
2. কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুর টুকরোগুলি হালকা লাল করে ভেজে তুলে রাখুন।
3. ওই তেলে জিরে ও হিং ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা-রসুন বাটা এবং কাঁচালঙ্কা দিয়ে ভালো করে কষান।
4. এবার টম্যাটো ও শুকনো মশলা দিয়ে তেল ছাড়া পর্যন্ত রান্না করুন।
5. বাটা মটরশুঁটি দিয়ে কয়েক মিনিট কষিয়ে ভাজা আলু ও গোটা মটর মিশিয়ে দিন।
6. প্রয়োজনমতো গরম জল ও নুন দিয়ে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন। শেষে গরমমশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মটর নিমোনা।









