মস্কোতে চাঞ্চল্য! পুতিনের স্বপ্নের আর্কটিক প্রকল্পের কর্তাই এবার দুর্নীতির জালে

দুর্নীতির তদন্তে মুরমানস্কের গভর্নর আন্দ্রেই চিবিসকে দুই মাসের বিচার-পূর্ব হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মস্কোর আদালত।

Share:

ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : মস্কো থেকে আসা খবরে রীতিমতো তোলপাড় রাশিয়ার রাজনৈতিক মহল। দেশের কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির অন্যতম মুরমানস্কের গভর্নর আন্দ্রেই চিবিসকে এবার দুর্নীতির মামলায় দু’মাসের জন্য বিচার-পূর্ব হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে মস্কোর একটি আদালত। বুধবার আদালতের এই সিদ্ধান্ত সামনে আসতেই গোটা রাশিয়া জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। কারণ, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনও কর্মরত আঞ্চলিক প্রধানকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল। আর সেই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আস্থাভাজন হিসেবে পরিচিত চিবিস।

সোমবারই রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক চিবিসকে গ্রেফতারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। মন্ত্রকের দাবি, বড় অঙ্কের জালিয়াতি এবং অর্থ তছরুপের সন্দেহে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগের অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। তদন্তকারীদের দাবি, আঞ্চলিক নির্মাণ মন্ত্রক থেকে ৩৯ মিলিয়ন রুবলের বেশি, অর্থাৎ প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার ডলার আত্মসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, পরিবহণ মন্ত্রকের তহবিল থেকে এক বিলিয়ন রুবলেরও বেশি অর্থ সরানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত আদালতে চিবিসের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। মামলাটি এখনও তদন্তাধীন অবস্থায় রয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, পরিবহণ মন্ত্রকের বিপুল বরাদ্দ আপাটিটি ও কিরভস্কের মধ্যে মহাসড়ক পুনর্নির্মাণের জন্য ছিল। কিরভস্কে সার উৎপাদক ফসঅ্যাগ্রোর গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। অভিযোগ, সেই রাস্তার টাকা ঘুরপথে সরানো হয়েছে। সন্দেহজনক মুদ্রা লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। ফলে মামলাটি কেবল রাস্তার টাকা তছরুপের মধ্যে সীমাবদ্ধ না-ও থাকতে পারে, এর পেছনে বড় আর্থিক চক্র থাকতে পারে বলে অনেকের ধারণা।

এই গ্রেফতার কেন গুরুত্বপূর্ণ, তা বুঝতে মুরমানস্কের দিকে তাকাতে হবে। এটি কেবল একটি প্রদেশ নয়, রাশিয়ার বৃহত্তম আর্কটিক বন্দর ও নর্দার্ন ফ্লিটের ঘাঁটি। আর্কটিকে রাশিয়ার সামরিক ও বাণিজ্যিক তৎপরতার কেন্দ্র এটি। কৃষ্ণসাগর ও বাল্টিকের উত্তেজনায় শস্য রফতানিতে এর গুরুত্ব আগের চেয়ে বেড়েছে।