কালিম্পংয়ের জলসঙ্কট মোকাবিলায় পুরনো পাইপলাইন বদলের সিদ্ধান্ত পুরসভার

কালিম্পংয়ের জলসঙ্কট মেটাতে পুরনো পাইপলাইন বদল, সিভিল লেক-২-এর কাজ শেষ এবং জল সরবরাহ ব্যবস্থার উন্নয়নে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত।

Share:

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬ : কালিম্পংয়ের দীর্ঘদিনের পানীয় জলের সঙ্কট মেটাতে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার কালিম্পং পুরসভার জল সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রী। পুরনো পাইপলাইন বদল, অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করা এবং নতুন জলাধার তৈরির বিষয়ও আলোচনায় উঠে আসে।

বৈঠকে ছিলেন কালিম্পংয়ের বিধায়ক ভারত ছেত্রী, নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব, জিটিএ-র প্রশাসক, জেলাশাসক এবং বিভিন্ন দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। বৈঠকে কালিম্পংয়ে পানীয় জলের চাহিদা ও সরবরাহের বড় ফারাকের বিষয়টি সামনে আসে। নীওরা এবং রেলি-থুকচুক—এই দুই উৎস থেকে শহরে জল আসে।

তবে দীর্ঘদিন পাইপলাইনের যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় সরবরাহ ব্যবস্থা সমস্যায় পড়েছে বলে বৈঠকে জানানো হয়। অভিযোগ, তিন দশকেরও বেশি সময় ধরে রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে পরিস্থিতি খারাপ হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৭ লক্ষ গ্যালন জলের প্রয়োজন হলেও সরবরাহ হচ্ছে প্রায় ২ লক্ষ গ্যালন। ফলে দৈনিক ঘাটতি প্রায় ৫ লক্ষ গ্যালন। এই ঘাটতি সামাল দিতে নীওরা-ডেলো এবং রেলি-থুকচুক জল সরবরাহ রুটের পুরনো পাইপলাইন সম্পূর্ণ বদলানোর সিদ্ধান্ত হয়েছে।

AMRUT 2.0 প্রকল্পের আওতায় সিভিল লেক-২-এর কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরবরাহে বাধা তৈরি হওয়া গুরুত্বপূর্ণ জায়গাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে ‘হর ঘর জল’ প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। কাজ শেষ হতে দেরির কারণ নিয়ে আলোচনা হয়েছে এবং প্রকল্পগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের সমস্যা এবং উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশ ও অঙ্গীকার মেনেই জলসঙ্কট মোকাবিলায় পরিকল্পনা করছে রাজ্য সরকার। প্রশাসনের লক্ষ্য, শুধু সাময়িক ঘাটতি মেটানো নয়; আগামী ৫০ বছরের চাহিদা মাথায় রেখে কালিম্পংয়ে নির্ভরযোগ্য ও স্থায়ী জল সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা। নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।