ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : দীপাবলির পর থেকেই দিল্লিসহ দেশের একাধিক বড় শহরের বাতাস যেন আরও বিষাক্ত হয়ে উঠেছে। শীত যত জাঁকিয়ে বসছে, বাতাসে ধূলিকণার মাত্রাও ততই বাড়ছে। আর সেই দূষিত বাতাস সরাসরি আঘাত করছে আমাদের ফুসফুসে। শ্বাসনালিতে তৈরি হচ্ছে প্রদাহ, আর তাতেই কষ্ট বেড়ে যাচ্ছে হাঁপানি বা সিওপিডিতে আক্রান্তদের। যাদের ফুসফুস আগে থেকেই দুর্বল, এই শীত তাঁদের জন্য যেন এক কঠিন পরীক্ষা।
দিল্লির এক বেসরকারি হাসপাতালের মেডিসিনের চিকিৎসক অমিত বাওয়েজা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, কাশিকে কখনওই হালকাভাবে নেবেন না। কারণ, শীতে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ার পিছনে শুধু দূষণই দায়ী নয়, দায়ী আমাদের বদ্ধ ঘরও। ঠান্ডার ভয়ে আমরা জানলা-দরজা বন্ধ করে ঘরের ভিতরেই বেশি সময় কাটাই। আলো-বাতাস ঠিকমতো চলাচল না করলে সেই বদ্ধ ঘরেই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। একজনের থেকে আরেকজনের শরীরে সংক্রমণ পৌঁছে যায় চোখের নিমেষে।
সবচেয়ে বড় ভুল আমরা এখানেই করি। দীর্ঘদিন কাশি, হালকা জ্বর, ক্লান্তি থাকলেও ভাবি, আবহাওয়ার কারণেই হয়েছে, দু’দিনেই সেরে যাবে। কেউ নিজে থেকে অ্যান্টিবায়োটিক খান, কেউ শুধু ঘরোয়া টোটকায় ভরসা রাখেন। অথচ এই অবহেলাই বড় বিপদ ডেকে আনতে পারে। চিকিৎসায় দেরি হলে সংক্রমণ ধীরে ধীরে ফুসফুসে ছড়ায়। তখন অবস্থা এমন গুরুতর হয় যে হাসপাতালে ভর্তি ছাড়া উপায় থাকে না, এমনকি অক্সিজেনও লাগতে পারে।
তাহলে কোন উপসর্গে দেরি করা উচিত নয়? জ্বরের সাথে শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা বিশ্রামেও দ্রুত শ্বাস হলে সতর্ক হওয়া জরুরি। বয়স্কদের হঠাৎ দুর্বলতা, বিভ্রান্তি বা অনীহা থাকলেও অবহেলা নয়। শিশুদের দ্রুত শ্বাস, কম খাওয়া বা বুকের খাঁচা ভেতরে ঢুকে যাওয়া বিপদের ইঙ্গিত। কাশি না কমলে বা শ্বাসকষ্ট বাড়লে দ্রুত চিকিৎসকের কাছে যান। এই শীতে সচেতন থাকলে নিজেকে ও পরিবারকে বড় বিপদ থেকে বাঁচানো যায়।









