ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : সমাবর্তনের মঞ্চে এবার বদলে যাচ্ছে চেনা ছবিটা! কালো গাউন, চারকোনা টুপি আর ঔপনিবেশিক আমলের সেই ভারী পোশাকের দিন শেষ হতে চলেছে। এবার থেকে সমাবর্তন অনুষ্ঠানে গায়ে উঠবে বাংলার তাঁত, দেশের হ্যান্ডলুম, আর ভারতীয় ঐতিহ্যের গর্বের পোশাক।
রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতর ইতিমধ্যেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে রাজ্যের সব সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠিয়ে দিয়েছে। চিঠিতে স্পষ্ট নির্দেশ, আগামী সমাবর্তন থেকেই এই নতুন ব্যবস্থা চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলিকে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির একাধিক নির্দেশিকা। ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালে ইউজিসি বারবার বলেছে, সমাবর্তনের মতো গর্বের অনুষ্ঠানে বিদেশি ধাঁচের গাউনের বদলে দেশীয় হ্যান্ডলুমের পোশাক ব্যবহার করা হোক। এবার সেই পরামর্শকেই কার্যত বাস্তবে রূপ দিতে চলেছে রাজ্য।
উচ্চশিক্ষা দফতরের বক্তব্য স্পষ্ট। ভারতের গরমে ভারী গাউন পরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা কষ্টকর, সবাই তা জানেন। তার চেয়ে হ্যান্ডলুমের হালকা, আরামদায়ক পোশাক অনেক বেশি উপযোগী। এতে আরামের সঙ্গে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের গর্বও ফুটে ওঠে।
এর সঙ্গে আরও একটি বড় লক্ষ্যও জড়িত। সমাবর্তনের পোশাক হ্যান্ডলুমে তৈরি হলে গ্রামীণ তাঁতশিল্পীরা সরাসরি লাভবান হবেন। তাঁদের হাতের কাজ নতুন বাজার পাবে, জীবিকায় আসবে আশার আলো। ফলে শিক্ষার উৎসবের সঙ্গে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করারও বার্তা মিলবে।
তবে পোশাকের নকশায় কড়া নিয়ম চাপানো হয়নি। বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব ঐতিহ্য ও পরিচয় অনুযায়ী সমাবর্তনের পোশাক বানাতে পারবে। উপাচার্য, বিশিষ্ট অতিথি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রাপকদের জন্য আলাদা নকশার স্বাধীনতাও থাকছে। চিঠিতে ভারতীয় ঐতিহ্য অনুসারে উত্তরীয়সহ নানা দেশীয় পোশাক ব্যবহারের কথা বলা হয়েছে। এই বিষয়ে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, “আমরা আবেদন জানিয়েছি। আমাদের সরকার এর বদল চাইছে।









