সন্দেশখালিতে শেখ সাবিনাকে ঘিরে বিতর্ক, ৫ লক্ষ টাকা লিজ বকেয়ার অভিযোগ!

সন্দেশখালিতে সাড়ে আট বিঘা জমির লিজের টাকা বকেয়া রাখার অভিযোগ শেখ সাবিনার বিরুদ্ধে। প্রায় ৫ লক্ষ টাকা পাওনা বলে দাবি জমির মালিক শিবু সর্দারের।

Share:

ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: সন্দেশখালিতে ফের শেখ শাহজাহানের পরিবারের বিরুদ্ধে জমি সংক্রান্ত অভিযোগ উঠল। এবার তাঁর স্ত্রী শেখ সাবিনার বিরুদ্ধে জমির লিজের টাকা বকেয়া রাখার অভিযোগ করেছেন বসিরহাটের ন্যাজাট থানার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সড়বেড়িয়া এলাকার বাসিন্দা শিবু সর্দার। তাঁর দাবি, প্রায় সাড়ে আট বিঘা জমি লিজে নেওয়ার পর দীর্ঘদিন ধরে টাকা দেওয়া হয়নি।

জমির মালিকের অভিযোগ, এখন বকেয়া চাইতে গেলেও সাবিনার কাছ থেকে কোনও সুরাহা মিলছে না। শিবু সর্দারের দাবি, পাঁচ বছরের জন্য জমি লিজে নেওয়ার কথা হলেও তাঁর কাছ থেকে ২০ বছরের লিজ চুক্তিতে সই করিয়ে নেওয়া হয়েছিল। লিজের টাকা হিসেবে তাঁকে একবার মাত্র ৫ হাজার ২৯০ টাকা দেওয়া হয়। এরপর আর কোনও টাকা মেলেনি বলে অভিযোগ। শেখ শাহজাহান জেলে যাওয়ার পর বকেয়া টাকা পাওয়ার আশায় একাধিকবার সাবিনার কাছে গিয়েছিলেন তিনি। প্রথমদিকে টাকা দেওয়ার আশ্বাস মিললেও পরে নানা অজুহাতে তাঁকে ঘোরানো হচ্ছে বলে দাবি শিবুর। এর আগে লিজের টাকা ফেরত চেয়ে সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন শিবু সর্দার। তাঁর আরও অভিযোগ, বর্তমানে তাঁর জমিতে জোর করে মাছ চাষ করছেন শেখ সাবিনা। বকেয়া টাকা না পাওয়ায় আর্থিক সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে তাঁর স্ত্রী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় পাওনা টাকা পাওয়ার চেষ্টা করছেন শিবু।

তবে বারবার সাবিনার কাছে গিয়েও কোনও অর্থ পাননি বলে তাঁর দাবি। শিবু সর্দারের দাবি, জমির লিজ বাবদ বর্তমানে আনুমানিক পাঁচ লক্ষ টাকা তাঁর পাওনা রয়েছে। সেই টাকা উদ্ধারের জন্য এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। পাওনা ফেরত পেতে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের হস্তক্ষেপ চাইছেন জমির মালিক।