ব্যুরো নিউজ, ২৫ নভেম্বর ২০২৬: ঝাড়গ্রামের বিনপুর ১ ব্লকের নেপুরা অঞ্চলের খোষাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের জমিতে তৈরি পাঁচটি পাকা বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। বুধবার তিনটি জেসিবি দিয়ে এই কাজ শুরু হয়। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতেই এই পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্কুলের জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি নিজের পাঁচ ভাইয়ের নামে ওই জমিতে পাকা ঘর তৈরি করিয়েছিলেন। বিদ্যালয় সূত্রে খবর, ২০১০-১১ সাল নাগাদ মাঠের জমি দখল শুরু হয়। স্কুলের মোট জমি ১ একর ৯৮ ডেসিমেল। তার মধ্যে ৩৬ ডেসিমেল জমি দখল করে একটি দোতলা বাড়ি-সহ মোট পাঁচটি পাকা বাড়ি তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে তাঁরা আগের সরকারের জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও সুরাহা পাননি। শেষে ২০১৭ সালে ছয় গ্রামবাসী জমি ফেরত পেতে হাইকোর্টের দ্বারস্থ হন। ২০১৯ সালে হাইকোর্ট জেলা প্রশাসনকে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। তবে সেই সময় নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। এবার প্রশাসন ঝাড়গ্রামের মহকুমা শাসকের পাঠানো নির্দেশ মেনে পদক্ষেপ করেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীপক বেজকে ৭ নভেম্বর লিখিত নোটিস পাঠানো হয়। তাতে ১৬ নভেম্বরের মধ্যে নিজে থেকে নির্মাণ ভেঙে ফেলার কথা বলা হয়েছিল। তা না হলে ২৫ নভেম্বর প্রশাসন ভাঙার কাজ করবে বলে জানানো হয়।
বুধবার ঘটনাস্থলে ছিলেন বিনপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের বিডিও এবং লালগড় থানার আইসি। স্কুলের প্রধান শিক্ষক দুলাল দেশোয়ালি জানান, গ্রামবাসীরা ২০১৭ সালে আদালতের দ্বারস্থ হন এবং ২০১৯ সালে ভাঙার নির্দেশ আসে। তাঁর কথায়, আগে সেই নির্দেশ কার্যকর হয়নি; এবার নতুন সরকার পদক্ষেপ করেছে। তিনি হাইকোর্টের নির্দেশের কপি এবং মহকুমা শাসকের চিঠি পেয়েছেন বলেও জানান। বুধবার থেকে বাড়িগুলি ভাঙার কাজ শুরু হয়েছে।









