ব্যুরো নিউজ, ২৬শে নভেম্বর ২০২৬ : ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে এক লাফে তিন ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছে স্বপ্নের শহর দুবাই। গত বছর যেখানে শহরটি ছিল ২৩তম স্থানে, এবার সেখান থেকে আরও উপরে উঠে বিশ্বের প্রথম পাঁচ ভাগের এক ভাগের মধ্যে নিজের নাম পাকা করে ফেলল। শুধু দুবাই-ই নয়, চমক দেখিয়েছে আবুধাবিও। চার ধাপ এগিয়ে ৪৯তম থেকে ৪৫তম স্থানে পৌঁছে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী।
বিশ্বখ্যাত পরামর্শদাতা সংস্থা কেয়ারনির সর্বশেষ গ্লোবাল সিটিজ রিপোর্টে উঠে এসেছে এই চমকপ্রদ ছবি। মোট ১৫৮টি শহরকে নিয়ে তৈরি হয়েছে এই সূচক। এখানে শুধু বড় বড় বিল্ডিং বা চাকচিক্য দেখা হয়নি, বিচার করা হয়েছে কোন শহর কতটা মানুষের চলাচল, পুঁজি আর নতুন ধারণার বৈশ্বিক প্রবাহকে আকর্ষণ করতে পারে, ধরে রাখতে পারে এবং তৈরি করতে পারে। ব্যবসা, মানবসম্পদ, তথ্যের আদানপ্রদান, সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক যোগাযোগ, এই পাঁচটি বড় ক্ষেত্রে মোট ৩১টি সূচকের ভিত্তিতে প্রতিটি শহরকে কাটাছেঁড়া করে দেখা হয়েছে।
রিপোর্ট বলছে, গোটা বিশ্ব যখন ভূরাজনৈতিক টানাপোড়েন আর অর্থনৈতিক অনিশ্চয়তায় টালমাটাল, ঠিক তখনই ২০২৫ সালে উপসাগরীয় শহরগুলি আরও শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। বিশেষ করে অর্থনৈতিক ফল আর উদ্ভাবনের ক্ষেত্রে এই অঞ্চলের অগ্রগতি সবার নজর কেড়েছে।
কেয়ারনি ফোরসাইট এমইএ-র এক্সিকিউটিভ ডিরেক্টর ভ্যালেনটিন লাভাইলের কথায়, কঠিন সময়েও যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনায় স্থির থেকেছে, তারাই আজ সুফল পাচ্ছে। দুবাই আর আবুধাবি ঠিক সেই পথেই হেঁটেছে।
আবুধাবির এই উত্থানের মূল কারণ তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করা এবং তেল-বহির্ভূত খাতের বিস্তার। এই কৌশলের ফলেই টানা ১৮ ত্রৈমাসিক ধরে জিডিপি বৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে। আবুধাবি গ্লোবাল মার্কেটের দ্রুত উন্নয়ন এবং শিল্প ও বিনিয়োগ-সহায়ক খলিফা ইকোনমিক জোনসের সম্প্রসারণও এতে বড় ভূমিকা রেখেছে, জানিয়েছে রিপোর্ট।









