ব্যুরো নিউজ, ২৬শে নভেম্বর ২০২৬ : ২০০৮ সালের ২৬ নভেম্বর, মুম্বইয়ের সেই রক্তাক্ত রাত আজও ভারতবাসীর বুকে দগদগে ক্ষত হয়ে আছে। পাকিস্তান থেকে নৌকায় চেপে আসা ১০ জন জঙ্গি সেদিন গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে পা রেখে গোটা শহরকে রক্তে ভাসিয়ে দিয়েছিল। ছত্রপতি শিবাজি টার্মিনাস, তাজ প্যালেস, ওবেরয় ট্রাইডেন্ট, নরিম্যান হাউস, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল — কোথাও বাদ যায়নি তাদের বর্বরতা। প্রায় ১৬৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল, আহত হয়েছিলেন ৩০০-র বেশি। নিহতদের মধ্যে ছিলেন বিদেশি নাগরিক, ছিলেন দেশের বীর নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও।
সেদিন ভারত চেয়েও জবাব দিতে পারেনি। আর ঠিক সেই যন্ত্রণার কথাই এবার অকপটে স্বীকার করে নিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। হামলার ১৭তম বর্ষপূর্তিতে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ২০০৮-এর ভারত আর ২০২৬-এর ভারত এক নয়। পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে গিয়েছে।
দীক্ষিতের কথায়, “২০০৮ সালে আমরা জবাব দিতে পারিনি। কিন্তু তার পর থেকে যখনই এ ধরনের ঘটনা ঘটেছে, ভারত পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা দেখিয়েছে।” আর সেই জবাবের সবচেয়ে বড়, সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হল অপারেশন সিন্দুর — যা তাঁর দাবি অনুযায়ী, এখনও চলছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেই পরিষ্কার করে দিয়েছেন — সন্ত্রাসবাদ আর আলোচনা একসঙ্গে চলতে পারে না, জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। জঙ্গি আর তাদের মদতদাতাদের মধ্যে আর কোনও ফারাক করা হবে না। এই নীতিই এখন দেশের ‘নিউ নর্মাল’ হয়ে উঠেছে।
বায়ুসেনা প্রধানের মতে, এই কঠোর নীতির ফলে ভারত-বিরোধী শক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জঙ্গি ও তাদের সমর্থকরা জানে, ভারতের দিকে আঙুল তুললে কী পরিণতি হবে। এই ভয়ই ভবিষ্যতে এমন হামলা ঠেকাবে বলে তিনি আশাবাদী। তিনি জোর দিয়ে বলেন, জাতি ও সশস্ত্র বাহিনী এই সিদ্ধান্তের জন্য সম্পূর্ণ প্রস্তুত।









