ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের আমেজ আরও বাড়লেও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য কোনও আবহাওয়া ব্যবস্থা সক্রিয় নেই। তাই আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাস নেই। রাজ্যের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, কিছু এলাকায় সামান্য কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা আবার অনেক জায়গায় স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম। ফলে দিনের বেলাতেও আবহাওয়ায় হালকা শীতের অনুভূতি থাকছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার প্রভাব তুলনামূলক বেশি। গত ২৪ ঘণ্টায় বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ছিল। আগামী এক সপ্তাহ এই জেলাগুলিতেও তাপমাত্রার উল্লেখযোগ্য বদলের সম্ভাবনা নেই। নভেম্বরের শেষ দিকে সাময়িকভাবে এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় আগামী ২৯ নভেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তবে সেটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে থাকবে। ফলে রাজ্যের আবহাওয়ায় এর উল্লেখযোগ্য প্রভাব পড়ার আশঙ্কা নেই।
নভেম্বরের শেষ সপ্তাহেও শীতের আমেজ বজায় থাকার ইঙ্গিত মিলছে, যদিও ওই সময়ে কলকাতা-সহ কিছু এলাকায় পারদ এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। এই সাময়িক বৃদ্ধি আবহাওয়ার সামগ্রিক ছবিতে বড় বদল আনবে না। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ বৃষ্টিহীন আবহাওয়া এবং রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।









