ব্যুরো নিউজ, ২৬শে নভেম্বর ২০২৬ : ফেলে দেওয়া পুরনো গাড়ির টায়ার এতদিন ছিল শুধুই বর্জ্য, পরিবেশের বোঝা। কিন্তু সেই বর্জ্যকেই এবার রাস্তা তৈরির শক্তিশালী উপাদানে বদলে দিয়ে গোটা বিশ্বকে চমকে দিল তাইওয়ান। পুরনো টায়ারের গুঁড়ো মিশিয়ে তৈরি পরীক্ষামূলক ডামার রাস্তা টানা চার বছর ধরে নজরদারিতে দারুণ ফল করেছে। আর এই সাফল্যের পর এবার তাইওয়ান ন্যাশনাল হাইওয়ে ব্যুরো আরও বেশি করে রাবার-ডামার রাস্তা তৈরির পরিকল্পনা করছে। অর্থাৎ, আগামী দিনে তাইওয়ানের রাস্তায় হাঁটলে হয়তো আপনার পায়ের নিচে থাকবে এক সময়ের ফেলে দেওয়া টায়ার!
এই উদ্ভাবনী প্রকল্প নিয়ে ScienceDirect-এ একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাইওয়ানের কর্মকর্তারা যাচাই করতে চেয়েছিলেন, স্থানীয়ভাবে সংগৃহীত ব্যবহৃত টায়ারের গুঁড়া ডামারে মেশালে সড়কের কার্যকারিতা বাড়ে কি না। দুটি ভিন্ন ডামার মিশ্রণে বিভিন্ন মাত্রায় টায়ার রাবার ব্যবহার করে পরীক্ষা চালানো হয়। ফলে দেখা যায়, রাবার মেশানো সড়ক সাধারণ ডামারের চেয়ে ভালো এবং সিমেন্টের পাকা সড়কের চেয়েও বেশি টেকসই।
পরীক্ষার জন্য দুটি আলাদা অ্যাসফাল্ট-রাবার পেভমেন্ট সেকশন বানানো হয়। প্রথমটি গ্যাপ-গ্রেডেড পদ্ধতিতে ২০০০ সালের ডিসেম্বরে এবং দ্বিতীয়টি ওপেন-গ্রেডেড পদ্ধতিতে ২০০১ সালের মে মাসে তৈরি হয়। উভয়ের উদ্দেশ্য ছিল স্থানীয়ভাবে পাওয়া গুঁড়ো টায়ার রাবার ব্যবহারের কারিগরি সম্ভাবনা যাচাই। নির্মাণের পর চার বছর ধরে বিশেষজ্ঞরা মাঠে দুই সেকশনের অবস্থা পর্যবেক্ষণ ও নিবিড় মূল্যায়ন করেন।
তাইওয়ানের আবহাওয়া ও সড়ক অবস্থায় কোন নকশা সবচেয়ে ভালো, তা দেখতে প্রচলিত অ্যাসফাল্ট সড়কের সঙ্গে তুলনা হয়। দুই ধরনের অংশের কর্মক্ষমতাও আলাদাভাবে যাচাই করা হয়। সব পরীক্ষায় ভালো ফল পাওয়ায় কর্তৃপক্ষ আরও এমন সড়ক বানানোর পরিকল্পনা করছে। এতে পুরনো টায়ারের বর্জ্য কমবে এবং টেকসই, পরিবেশবান্ধব উপাদান ব্যবহার সম্ভব হবে। তবে কতগুলো সড়ক হবে, কোথায় হবে ও কবে শুরু হবে, তা এখনও জানানো হয়নি।









