রোজ মেট্রোয় যাতায়াতের সময় প্ল্যাটফর্মের ধার ঘেঁষে থাকা উজ্জ্বল হলুদ টাইলস চোখে পড়ে। দেখতে আলাদা হলেও এগুলি স্টেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য বসানো হয়নি। দৃষ্টিহীন এবং কম দৃষ্টিশক্তিসম্পন্ন যাত্রীরা যাতে অন্যের সাহায্য ছাড়াই নিরাপদে চলাফেরা করতে পারেন, সেই কাজেই লাগে বিশেষ নকশার এই টাইলস। এগুলির নাম ট্যাকটাইল পেভিং বা টেনজি ব্লকস। স্পর্শে পথের দিশা বোঝা যায়, আবার রংও অনেককে চিনতে সাহায্য করে।
এই ব্যবস্থার উদ্ভাবক জাপানের সেইচি মিয়াকে। দৃষ্টিহীন এক বন্ধুর যাতায়াতের অসুবিধা দেখে ১৯৬৫ সালে তিনি প্রথম এই টাইলস তৈরি করেন। ১৯৬৭ সালে জাপানের ওকায়ামা শহরে সেগুলির ব্যবহার শুরু হয়। পরে বিশ্বের নানা মেট্রো স্টেশনেও এই টাইলস বসানো হয়। হলুদ রং বেছে নেওয়ার কারণ, ধূসর বা কালো মেঝের পাশে তা সহজে চোখে পড়ে। তাই আংশিক দৃষ্টিশক্তিসম্পন্ন যাত্রীরা দূর থেকেও টাইলস দেখতে পেয়ে পথ চিনতে পারেন।
প্ল্যাটফর্মের একেবারে কিনারায় কিংবা সিঁড়ির মুখে ছোট ছোট গোল ডট-ওঠা টাইলস থাকে। এগুলিকে ওয়ার্নিং বা ব্লিস্টার টাইলস বলা হয়। জুতোয় বা সাদা ছড়ির স্পর্শে ডটগুলি টের পাওয়া যায়। এগুলি জানান দেয়, সামনে বিপদ রয়েছে বা প্ল্যাটফর্মের শেষ প্রান্ত এসে গিয়েছে। মূল হাঁটার পথে থাকে লম্বাটে উঁচু রেখার টাইলস। ডিরেকশনাল বা গাইডিং টাইলস নামে পরিচিত এই রেখা ধরে যাত্রীরা টিকিট কাউন্টার, লিফট, এসকালেটর কিংবা প্ল্যাটফর্মের পথ খুঁজে পান।
এখন এই ব্যবস্থা শুধু মেট্রো স্টেশনেই দেখা যায় না। আধুনিক শহরের ফুটপাত, জেব্রা ক্রসিং, রেল স্টেশন এবং বিমানবন্দরেও বিশেষভাবে সক্ষম মানুষের নিরাপদ যাতায়াতের জন্য টাইলস বসানো হচ্ছে। তাই মেট্রোর হলুদ টাইলস সাধারণ মেঝের অংশ নয়। ভিড়ের মধ্যে দৃষ্টিহীন যাত্রীদের নিরাপদে এবং আত্মনির্ভরভাবে চলাফেরায় এগুলি সাহায্য করে।









