আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত প্রতাপ দাসকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। বছর পঁচিশের প্রতাপের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগের তদন্তে গত বুধবার থেকে তল্লাশি শুরু হয়। আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে তার বাড়ি। পাড়ায় প্যাঁও নামে পরিচিত প্রতাপের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় কুড়িটি মামলা রয়েছে।
পুলিশের দাবি, ইসমাইলের গুরু নানক পল্লিতে প্রতাপের বাড়িতে হানা দিতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এরপর গোটা শিল্পাঞ্চলে তার খোঁজে তল্লাশি শুরু হয়। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিংও শুরু করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের কর্মী এবং বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান।
তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার গ্যাংয়ের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, প্রতাপ ঘনঘন ডেরা, সিম কার্ড এবং বাইক পাল্টে পুলিশের নজর এড়িয়ে চলছিল। শুক্রবারের গ্রেফতারিকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ।
সূত্রের তথ্য অনুযায়ী, ক্লাস সেভেনে পড়ার সময় একটি মুদি দোকানে চুরির অভিযোগে ধরা পড়ে প্রতাপ। তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছিল। পরে চুরি ছেড়ে ডাকাতি ও অস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হয় প্রতাপ। কয়েক বছর জেলেও ছিল সে। মুক্তির পর একটি বিয়ের বিজ্ঞাপনী সাইট খুলে সাইবার প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়।









