সাদা মরুভূমি পেরিয়ে গুরুদ্বারে দিলজিৎ! কোথায় গেলেন গায়ক?

গুজরাত সফরে কচ্ছের লাখপত গুরুদ্বার সাহিবে যান দিলজিৎ দোসাঞ্ঝ। গুরু নানক দেবজির প্রকাশ পুরব উপলক্ষে রণের হোয়াইট ডেজার্টেও দিনটি পালন করেন তিনি।

Share:

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর ২০২৬: গানের মঞ্চের বাইরেও এবার ভক্তদের মন জয় করলেন পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ। ব্যস্ত কনসার্টের সূচির মাঝেই গুজরাতের কচ্ছের ঐতিহাসিক গুরুদ্বার লখপত সাহিবে গিয়ে প্রার্থনা করলেন তিনি। তাঁর এই বিশেষ সফরের ছবি ও মুহূর্ত ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

গুরু নানক জয়ন্তীর পবিত্র উপলক্ষে গুরুদ্বারে গিয়ে মাথা নত করেন দিলজিৎ। অনুরাগীদেরও গুরুপরবের শুভেচ্ছা জানান তিনি। কচ্ছের লখপত শহরে অবস্থিত এই গুরুদ্বার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজির স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। কথিত আছে, মক্কা ও মদিনার উদ্দেশে আধ্যাত্মিক যাত্রার সময় গুরু নানক এই অঞ্চলে এসেছিলেন।

গুরুদ্বারটির আর একটি বিশেষত্ব হল, এখানে গুরু নানক দেবজির সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। তার মধ্যে রয়েছে কাঠের খড়ম ও একটি দোলনা। ২০০১ সালের ভয়াবহ গুজরাত ভূমিকম্পের পরও ঐতিহ্যবাহী স্থাপনাটি পুনরুদ্ধার করা হয়। সংরক্ষণকাজের জন্য ২০০৪ সালে ইউনেস্কোর এশিয়া-প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড অফ ডিস্টিংশন পায় গুরুদ্বারটি।

রাজ্যসভার সাংসদ সতনাম সিং সান্ধুও দিলজিতের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁর মতে, এই সফরের মাধ্যমে বিশ্বের অসংখ্য মানুষ শিখ ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।