ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগেই, ১৯৮০ সালের ভোটার তালিকায় সনিয়া গান্ধীর নাম ছিল। শনিবার আদালতে জমা পড়া দুটি রিপোর্টে এই কথা জানিয়েছে দিল্লি পুলিশ। অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় পুলিশ আরও জানিয়েছে, ১৯৮৩ সালের ভোটার তালিকাতেও সনিয়ার নাম রয়েছে। কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য জমা দেওয়া আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি এখনও মেলেনি।
অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করেছে, তা জানতে রিপোর্ট চেয়েছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিনোদ যোশী। ২৭ নভেম্বর জমা পড়া রিপোর্টে পুলিশ জানায়, অভিযোগের বিষয়গুলি আইপি এস্টেট থানার এক্তিয়ারে পড়ে না। সেই কারণে অভিযোগটি নয়াদিল্লি পুলিশ জেলার কাছে পাঠানো হয়। পরে তা পৌঁছয় তুঘলক রোড থানায়। থানার ভারপ্রাপ্ত আধিকারিকও আদালতে দ্বিতীয় রিপোর্ট জমা দিয়েছেন।
সেই রিপোর্টে বলা হয়েছে, ১৯৮০ ও ১৯৮৩ সালের ভোটার তালিকা সংক্রান্ত নথি চেয়ে নয়াদিল্লির জেলাশাসকের দফতরে নোটিস পাঠিয়েছিল পুলিশ। উত্তরে দফতর জানিয়েছে, দুই তালিকাতেই সনিয়া গান্ধীর নাম রয়েছে। তবে নাম অন্তর্ভুক্তির আবেদনপত্র, অর্থাৎ ফর্ম ৬, বা অন্য প্রয়োজনীয় নথি এখনও খুঁজে পাওয়া যায়নি। নথিগুলির সন্ধানে তল্লাশি চলছে।
সনিয়া গান্ধী কবে নাগরিকত্ব পেয়েছিলেন, তা জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও নথি চেয়েছিল পুলিশ। রিপোর্ট অনুযায়ী, অ্যান্টোনিয়া মাইনো ওরফে সনিয়া গান্ধীর নামে নাগরিকত্বের শংসাপত্র জারি হয় ১৯৮৩ সালের ৩০ এপ্রিল। তদন্ত এগোলে আরও তথ্য সামনে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগকারী আইনজীবী বিকাশ ত্রিপাঠীর হয়ে আইনজীবী নীরজ আদালতে উপস্থিত ছিলেন। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর।









