ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: তিন দশকেরও বেশি সময় পর বড়পর্দায় ফিরতে চলেছে ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত ছবি ‘ব্যান্ডিট কুইন’। ১৯৯৪ সালে পরিচালক শেখর কাপুরের তৈরি এই ছবিতে ফুলন দেবীর জীবনসংগ্রাম উঠে এসেছিল। এবার সেই গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে আসছেন প্রযোজক ববি বেদি। নতুন ছবির নাম রাখা হয়েছে ‘Bandit Queen MP’। পরিচালনার দায়িত্বে থাকছেন হানি ত্রেহান।
প্রযোজক ববি বেদি জানিয়েছেন, ছবিটির চিত্রনাট্য এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কাস্টিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের শেষ দিকে অথবা ২০২৮ সালের শুরুর দিকে মুক্তি পেতে পারে ছবিটি।
নতুন ছবিতে ফুলন দেবীর জীবনের একেবারে অন্য একটি অধ্যায় তুলে ধরা হবে। কারাবাসের সময় থেকে শুরু করে জেল থেকে মুক্তি, রাজনৈতিক জীবনে উত্থান এবং ২০০১ সালে তাঁর হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনা জায়গা পাবে কাহিনিতে।
ববি বেদির কথায়, ছবিটি শুধুমাত্র রাজনৈতিক উত্থানের গল্প নয়, এর কেন্দ্রে রয়েছে এক বিবাহিত পুরুষ ও এক বন্দির জটিল প্রেমের সম্পর্ক। স্বাধীনতা, খ্যাতি ও ক্ষমতার মধ্য দিয়ে এগিয়ে চলবে সেই সম্পর্ক।
উল্লেখ্য, প্রথম ছবিতে ফুলন দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন সীমা বিশ্বাস। নতুন ছবিতে কারা অভিনয় করবেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। ফলে কাস্টিং নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।









