বল বিকৃতির প্রস্তাবের অভিযোগ, রিপোর্টে নাথান লায়নের নাম

২০১৮ সালের পাকিস্তান টেস্টে মিন্ট ট্যাবলেট দিয়ে বলের অবস্থা বদলানোর প্রস্তাবের অভিযোগে নাথান লায়নের নাম উঠেছে। রিপোর্টের দাবি, টিম পেইন, জাস্টিন ল্যাঙ্গার ও ট্রাভিস হেড এর বিরোধিতা করেছিলেন। অভিযোগটি এখনও প্রমাণিত নয়।

Share:

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর ২০২৬:  ২০১৮ সালের কেপটাউন টেস্টের স্যান্ডপেপার কাণ্ডের ছয় মাসের মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে বলের অবস্থা বদলানোর প্রস্তাব উঠেছিল বলে দাবি। সেই অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটে। অভিযোগের কেন্দ্রে তারকা স্পিনার নাথান লায়ন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নিউজ কর্পের একটি রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে বল চকচকে করার জন্য মাঠে মিন্ট ট্যাবলেট আনার কথা বলেছিলেন লায়ন। সেন ক্রিকেটের তথ্য অনুযায়ী, ওই টেস্টে এক অজি ক্রিকেটার বলের অবস্থা বদলাতে মিন্টস ট্যাবলেট চেয়েছিলেন। কিন্তু রিপোর্টে এই দাবির পক্ষে কোনও প্রমাণের কথা বলা হয়নি।

প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খোয়াজা একটি পডকাস্টে মিন্ট ট্যাবলেটের প্রসঙ্গ তুলেছিলেন। তবে কারও নাম বলেননি তিনি। পরে অনেকেই অনুমান করেন, ওই ক্রিকেটার লায়ন। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, তৎকালীন অধিনায়ক টিম পেইন, কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং ওপেনার ট্রাভিস হেড এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। ওই পাকিস্তান সফরেই টেস্টে অভিষেক হয়েছিল হেড, মার্নাস লাবুশেন ও অ্যারন ফিঞ্চের।

কেপটাউন কাণ্ডে টেলিভিশন ক্যামেরায় ক্যামেরন ব্যানক্রফ্টকে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা বদলানোর চেষ্টা করতে দেখা গিয়েছিল। পরে তাঁকে ৯ মাসের জন্য নির্বাসিত করা হয়। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নির্বাসন দেওয়া হয়। ওয়ার্নারের নেতৃত্ব দেওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়। অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ ছাড়েন ড্যারেন লেম্যান। পরে পেইন অধিনায়ক এবং ল্যাঙ্গার কোচ হন। লায়নের নাম জড়ানোয় পুরনো বিতর্ক ফের সামনে এসেছে।