ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর ২০২৬: ১৯৬৯ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের ছবি গুপি গাইন বাঘা বাইন আজও সব বয়সের দর্শকের কাছে জনপ্রিয়। ছোটদের রূপকথার মোড়কে তৈরি হলেও ছবিতে ছিল তৎকালীন সমাজের ছবি, সঙ্গে যুদ্ধবিরোধী বার্তা। গুপি-বাঘার গান, ভূতের রাজার তিন বর আর হাল্লা রাজার সেনাবাহিনীর কাণ্ডকারখানা মিলিয়ে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে।
ছবির শুটিংয়ের নেপথ্যেও রয়েছে নানা গল্প। হাল্লা রাজার যুদ্ধের প্রস্তুতির দৃশ্যে একসঙ্গে এক হাজার উট ব্যবহারের ঘটনাটি তার মধ্যে অন্যতম। তখন রাজস্থানের জয়সলমীরে শুটিং চলছিল। প্রায় ৩৫ জন কলাকুশলীকে নিয়ে সত্যজিৎ উঠেছিলেন জহর নিবাস নামে একটি বাড়িতে। চিত্রনাট্য অনুযায়ী, ওই দৃশ্যের জন্য দরকার ছিল এক হাজার উট। এত উট জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়ে শুটিং ইউনিট।
উপায় না দেখে সত্যজিৎ জহর নিবাসের ঠিক উল্টো দিকে রাজমহলে থাকা জয়সলমীরের রাজার সঙ্গে দেখা করেন। নিজের সমস্যার কথা জানিয়ে এক হাজার উটের প্রয়োজনের কথা বলেন। শুনে রাজা হেসে জানান, এত সামান্য প্রয়োজনের জন্য পরিচালকের নিজে আসার দরকার ছিল না। কাউকে খবর পাঠালেই ব্যবস্থা হয়ে যেত।
রাজার আশ্বাসের পরদিন সকালে ২৬ বছর বয়সি রায়বাহাদুর জহর নিবাসে হাজির হন। বাইকে বসিয়ে তিনি সত্যজিৎকে শুটিংয়ের নির্দিষ্ট জায়গায় নিয়ে যান। সেখানে মরুভূমিতে সারি দিয়ে দাঁড়ানো এক হাজার উট দেখে অবাক হন পরিচালক। রায়বাহাদুর জানান, রাজার তরফে উট পাঠানো হয়েছে। নিশ্চিন্তে শুটিং করতে বলেন তিনি। আরও কিছু দরকার হলে জানাতেও বলেন। রাজার সহযোগিতায় ঐতিহাসিক দৃশ্যটির শুটিং নির্বিঘ্নে হয়। কাজ শেষে কৃতজ্ঞতা জানাতে রাজার সঙ্গে আবার দেখা করে তাঁকে ধন্যবাদ জানান সত্যজিৎ।









