মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা, সংবেদনশীল তথ্য ঝুঁকিতে

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মে সাইবার হামলার খবর সামনে এসেছে। তথ্য ফাঁসের প্রমাণ মেলেনি; তদন্তে নেমেছে মার্কিন সাইবার কমান্ড। নিরাপত্তার কারণে কিছু কাজ স্থগিত।
Feature image

Share:

ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর ২০২৬:  মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ক্লাউড ওয়ানে সাইবার হামলা হয়েছে। এতে সামরিক অভিযান, কর্মী এবং রসদ সংক্রান্ত সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ২৭ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্ল্যাটফর্মটির উন্নয়নের কাজ চলার সময় গত মাসে অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। হামলাকারীরা কারা, কিংবা তারা কতটা তথ্যের নাগাল পেয়েছে, তা এখনও জানা যায়নি।

ক্লাউড ওয়ান মার্কিন বিমানবাহিনীর জন্য তৈরি একটি কেন্দ্রীয় ব্যবস্থা। অনুমোদিত কর্মীরা সেখানে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করতে পারেন, অ্যাপ চালাতে পারেন এবং কম্পিউটিং পরিষেবা ব্যবহার করেন। আলাদা আলাদা তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উপর নির্ভরতা কমানো, তথ্য ভাগাভাগি সহজ করা এবং ডিজিটাল পরিষেবা আধুনিক করাই এই প্ল্যাটফর্মের লক্ষ্য। ব্যবসায় ব্যবহৃত সাধারণ পাবলিক ক্লাউডের মতো নয় এটি। এখানে সামরিক, প্রশাসনিক ও রসদ সংক্রান্ত কাজও চলে।

ঘটনার সঙ্গে পরিচিত এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সফটওয়্যারের একটি দুর্বলতার সুযোগ নিয়ে হামলাকারীরা প্ল্যাটফর্মের কন্ট্রোল প্লেনে ঢোকে। ক্লাউডের বিভিন্ন পরিষেবা ও অ্যাপ এই ব্যবস্থার অধীনে নিয়ন্ত্রিত হয়। এমন প্রবেশাধিকার থাকলে বিমানের অবস্থা বা যন্ত্রাংশের চলাচল সংক্রান্ত তথ্য দেখা সম্ভব হতে পারে। তবে হ্যাকাররা ওই তথ্য দেখেছে বা হাতিয়ে নিয়েছে, এমন কোনও নিশ্চিত তথ্য নেই।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ক্লাউড ওয়ানে আরও কিছু ব্যাক-অফিস অ্যাপ স্থানান্তরের পরিকল্পনা আটকে দিয়েছে বিমানবাহিনী। চালু অ্যাপের আপডেটও বন্ধ রাখা হয়েছে, আর কিছু ব্যবহারকারীর প্রশাসনিক প্রবেশাধিকার সরানো হয়েছে। তদন্ত ও সম্ভাব্য প্রভাব যাচাইয়ে মার্কিন সাইবার কমান্ডকে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট ব্যবস্থার নিরাপত্তা নিয়ে মন্তব্য না করে বিমানবাহিনী জানিয়েছে, তথ্য, নেটওয়ার্ক এবং কাজের সক্ষমতা সুরক্ষায় তারা নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপ নেয়। সাম্প্রতিক মাসে মার্কিন সংস্থাগুলিতে আরও অন্তত ছয়টি সাইবার ঘটনার কথাও প্রকাশ্যে এসেছে।