ব্যুরো নিউজ , ২৭ নভেম্বর ২০২৬: বাংলা অ্যাকাডেমি ও চারুকলা ভবনে রাখা ১২০০ থেকে ১৩০০টি দুষ্প্রাপ্য ছবির সংরক্ষণ নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে তদন্ত কমিটি। কমিশন সূত্রে খবর, এই সংগ্রহে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং যামিনী রায়ের আঁকা ছবিও রয়েছে। বহু বছর ধরে ছবিগুলির ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। ছবিগুলির বর্তমান সংরক্ষণ ও দেখভালের অবস্থা খতিয়ে দেখে অভিযোগের সত্যতা যাচাই করাই কমিটির লক্ষ্য।
তৃণমূল জমানায় ছবিগুলির দেখভালের জন্য একটি কমিটি তৈরি হয়েছিল। সংগ্রহে থাকা ছবিগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সেই কমিটির। এই কাজের জন্য প্রতি বছর তহবিলও দেওয়া হত। কিন্তু বরাদ্দের পরেও রক্ষণাবেক্ষণের কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে। সেই অর্থ কোথায় গেল, তা জানার চেষ্টা করছে তদন্ত কমিটি। তহবিল কী ভাবে খরচ হয়েছে, তার পাশাপাশি কাজের বাস্তব অগ্রগতির তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সময়ে পুরস্কার দেওয়া নিয়েও অভিযোগ রয়েছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, অভিযোগের সঙ্গে যাঁদের নাম সামনে আসবে, তাঁদের ডাকা হবে। পরিদর্শনের পর তিনি জানান, যামিনী রায় ও রবীন্দ্রনাথের ছবির সংরক্ষণের অবস্থা খুব খারাপ। কিছু আসল ছবি নিখোঁজ হতে পারে, আবার বর্তমানে রাখা ছবিগুলি আসল নাও হতে পারে, এমন অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা ছবিগুলি যাচাই করছেন। প্রাথমিক ভাবে দুর্নীতির প্রমাণ মিলেছে বলেও জানান বিশ্বজিৎ বসু।
ইকনমিক অফেন্স উইংয়ের ডিজি কে. জয়রামন বলেন, অ্যাকাডেমি ও চারুকলা ভবনে রাখা কিছু ছবির সংরক্ষণ নিয়ে সমস্যার অভিযোগ ছিল। অভিযোগে থাকা ছবিগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তদন্ত নিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য, বিষয়টি আইনের আওতায়। কমিশনের মনে হয়েছে বলেই তারা তদন্ত করতে গিয়েছে।









