ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর ২০২৬: চুলের যত্ন নিতে দামি প্রসাধনী ব্যবহার করছেন? অথচ হাতের কাছেই থাকা কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন চুলের উপযোগী তেল! নারকেল, জলপাই কিংবা ক্যাস্টর অয়েল—সঠিক অনুপাতে মিশিয়ে তৈরি করা যায় বিশেষ হেয়ার অয়েল। চুলের ধরন বুঝে তেল নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞ শোভন সাহার মতে, চুলের যত্নে একাধিক তেলের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। যেমন ১০০ মিলিলিটার তেল তৈরি করতে ২০ মিলিলিটার ক্যাস্টর অয়েলের সঙ্গে ৮০ মিলিলিটার জলপাই তেল মেশানো যায়। ক্যাস্টর অয়েল ঘন হওয়ায় জলপাই তেল মেশালে তা ব্যবহার করা সহজ হয়। নারকেল তেলও চুলের শুষ্কতা ও ভঙ্গুরতা কমাতে সাহায্য করতে পারে।
চাইলে তেলের সঙ্গে নিমপাতা, গাঁদা ফুল কিংবা ল্যাভেন্ডারের মতো শুকনো ভেষজ উপাদান মিশিয়ে তৈরি করতে পারেন হার্বাল অয়েল। তবে উপাদানগুলি সম্পূর্ণ শুকনো হওয়া জরুরি। নইলে তেলে ছত্রাক ও জীবাণু জন্মাতে পারে।
রোজমেরি, টি ট্রি কিংবা ইউক্যালিপটাস এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে চাইলে সরাসরি মাথার ত্বকে লাগাবেন না। নারকেল বা জলপাই তেলের মতো ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে।
বিশেষজ্ঞের পরামর্শ, খুশকি, চুলকানি কিংবা মাথার ত্বকে লালচে দাগ থাকলে নিজে নিজে তেলের মিশ্রণ ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।









