অর্থনীতিতে গতি বজায়, বাড়ছে মূল্যবৃদ্ধির ভয়! সতর্ক কেন্দ্র

ডিসেম্বরের ত্রৈমাসিকে অর্থনৈতিক গতি বজায় থাকার আশা অর্থ মন্ত্রকের। তবে আবহাওয়া, ভিত্তি-প্রভাব, বিয়ের মরসুম ও পশ্চিম এশিয়ার সংঘাতে মূল্যবৃদ্ধির ঝুঁকি রয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনীতির গতি বজায় থাকার আশা করছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। তবে প্রবৃদ্ধির ইতিবাচক ছবির পাশাপাশি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা। অর্থ মন্ত্রকের নভেম্বর মাসের Monthly Economic Review (MER) রিপোর্টে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেও (Q3) দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি অব্যাহত থাকতে পারে।

রিপোর্ট অনুযায়ী, পণ্য পরিবহণ, কর সংগ্রহ, বিদ্যুতের ব্যবহার এবং মালবাহী পরিবহণের মতো গুরুত্বপূর্ণ সূচকগুলি অর্থনীতির সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে। গাড়ি বিক্রিতে ধারাবাহিক উন্নতি এবং গ্রামীণ এলাকার ক্রমবর্ধমান চাহিদাও অর্থনীতিকে শক্তিশালী করছে। উৎপাদন ক্ষেত্রেও নতুন অর্ডার বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে মূল্যবৃদ্ধি নিয়ে যথেষ্ট সতর্ক কেন্দ্র। অক্টোবর মাসে ভারতের খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৬.০৯ শতাংশে, যা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমা অতিক্রম করেছে। নভেম্বরেও উৎসব ও বিয়ের মরশুমে খাদ্য এবং অন্যান্য পণ্যের চাহিদা বাড়ায় মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে।

পাশাপাশি আবহাওয়ার অনিশ্চয়তা, সম্ভাব্য এল নিনো এবং পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ঝুঁকি বাড়লে অপরিশোধিত তেল আমদানি ও পরিবহণ খরচও বাড়তে পারে।

তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং টাকার তুলনায় শক্তিশালী অবস্থান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তি দিতে পারে বলে মনে করছে অর্থ মন্ত্রক।