ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে কিসান অব ইন্ডিয়া সম্মান ২০২৬। কৃষিক্ষেত্রে উদ্ভাবন, মহিলা কৃষকদের অবদান এবং গ্রামীণ উদ্যোগকে স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষি, মহিলা নেতৃত্ব ও গ্রামীণ উন্নয়নে অবদানের জন্য কৃষক ও উদ্যোগপতিদের সম্মান জানানো হয়। আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষজ্ঞরা মহিলা কৃষকদের অংশগ্রহণ বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আগামী প্রজন্মকে কৃষিকাজে যুক্ত করার ওপর জোর দেন।
বিহারে চা চাষের প্রসারে অবদানের জন্য সম্মান পেয়েছেন রাজ করণ দফতরি। তাঁর উদ্যোগে রাজ্যে প্রায় ২৫ হাজার একর জমিতে চা চাষ হচ্ছে। এতে উপকৃত হয়েছেন ৮,৫০০-রও বেশি কৃষক, কর্মসংস্থান হয়েছে প্রায় ২৫ হাজার মানুষের। রাজস্থানের মধু বালা মহাজন ২০ একর জমিতে আধুনিক পলিহাউস পদ্ধতিতে উচ্চমূল্যের ফসল চাষ এবং প্রায় ২০০ মহিলার কর্মসংস্থানের জন্য পুরস্কৃত হয়েছেন। জৈব ও প্রাকৃতিক চাষে হর্ষ সিং ডাংওয়াল, নতুন প্রযুক্তির ব্যবহারে কৃষ্ণপাল সিং লোধি, দুগ্ধ খামারে জগদীপ সিং সান্ধু, মৎস্যচাষে বন্দনা চুরেন্দ্র এবং খাদ্য প্রক্রিয়াকরণে অনিতা কুমারী কুশওয়াহাও পুরস্কার পেয়েছেন।
বিহারের কিসান চাচি নামে পরিচিত রাজকুমারী দেবী পেয়েছেন বছরের সেরা মহিলা কৃষকের পুরস্কার। মধ্যপ্রদেশের মাহি পাওয়ারকে দেওয়া হয়েছে এগ্রি-ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার সম্মান। বস্তারের রজিয়া শেখ পেয়েছেন তরুণ কৃষি উদ্যোগপতির স্বীকৃতি। বস্তার ফুডসের মাধ্যমে মহুয়া দিয়ে তৈরি পণ্য বাজারজাত করার পাশাপাশি তিনি আদিবাসী মহিলাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। উচ্চমানের প্রোটিনসমৃদ্ধ ভুট্টা বা কিউকিউএম উদ্ভাবনের জন্য বিজ্ঞানী ড. সুরিন্দর কুমার ওয়াসাল পেয়েছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
সবুজ বিপ্লবের জনক ড. এম এস স্বামীনাথনের আদর্শ এগিয়ে নেওয়ার স্বীকৃতিতে এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে গ্রিন রেভলিউশন লেগ্যাসি অ্যাওয়ার্ড। ভিডিয়ো বার্তায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও ইন্ডিয়া চেম্বার অব ফুড অ্যান্ড এগ্রিকালচারের সভাপতি সুরেশ প্রভু বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মজবুত করতে মহিলা কৃষকদের স্বীকৃতি, উৎসাহ ও সহযোগিতা জরুরি। কৃষিবিজ্ঞানী ড. আর এস পরোদাও মহিলা কৃষকদের ক্ষমতায়ন এবং আগামী প্রজন্মকে কৃষিকাজে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন।









