ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: শীতের সকালে গরমাগরম আলুর পরোটা আর সঙ্গে টক দই কিংবা আচার—জমাটি জলখাবারের এর চেয়ে ভালো বিকল্প খুব কমই রয়েছে! কিন্তু বাড়িতে পরোটা বানাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। বেলার সময় ময়দার আবরণ ফেটে আলুর পুর বাইরে বেরিয়ে আসে। ফলে স্বাদ তো দূরের কথা, পরোটার চেহারাও নষ্ট হয়ে যায়। এই সমস্যা এড়াতে কাজে লাগতে পারে এক বিশেষ কৌশল—দু’টি রুটি দিয়ে পরোটা তৈরি।
কীভাবে বানাবেন?
প্রথমে সেদ্ধ আলু ভালো করে চটকে নিন। তার মধ্যে স্বাদমতো নুন, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও আমচুর মিশিয়ে তৈরি করুন পুর। খেয়াল রাখবেন, আলুর মিশ্রণে যেন অতিরিক্ত জল না থাকে।
এ বার আটার মণ্ড থেকে দু’টি সমান মাপের লেচি তৈরি করে পাতলা রুটির মতো বেলে নিন। একটি রুটির উপর সমানভাবে আলুর পুর ছড়িয়ে দিন। চারপাশে সামান্য জায়গা ফাঁকা রাখুন। তার উপর দ্বিতীয় রুটিটি চাপা দিয়ে চারদিকের কিনারা ভালোভাবে আটকে দিন।
এর পর অল্প শুকনো আটা ছড়িয়ে খুব সাবধানে বেলে নিন। গরম তাওয়ায় ঘি বা তেল দিয়ে দু’পিঠ ভালোভাবে সেঁকে নিলেই তৈরি মুচমুচে আলুর পরোটা।
এই পদ্ধতিতে পুর ছড়িয়ে থাকে সমানভাবে এবং অতিরিক্ত চাপ দিয়ে বেলার প্রয়োজন হয় না। তবে পুর শুকনো রাখা এবং রুটির কিনারা ভালোভাবে বন্ধ করাও জরুরি।








