ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: বিয়ের সাজে এমন অভিনবত্ব, যা নজর কাড়ল নেটিজেনদের! জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিবাহ সম্পন্ন করেছেন অভিনেত্রী। তবে শুধু নিজের সাজপোশাকেই নয়, বিয়ের প্রতিটি খুঁটিনাটিতেও যে তাঁর রুচি ও শৌখিনতার ছাপ রয়েছে, তা প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে।
আইনি বিয়ের দিন মিমির সাজে ছিল অফ-হোয়াইট ও সোনালি রঙের মেলবন্ধন। সোনালি জরির কাজ করা শাড়ির সঙ্গে পান্না ও মুক্তোর গয়নায় সেজেছিলেন তিনি। হাতে ছিল বড় পান্নার আংটি। এমনকী, যে কলম দিয়ে বিয়ের রেজিস্ট্রির কাগজে সই করেছিলেন মিমি ও সিদ্ধার্থ, সেটিও সাজানো হয়েছিল পান্নার অলংকার দিয়ে! রেজিস্ট্রির কাগজপত্র এবং কলমের এমন বিশেষ আয়োজনই বিশেষভাবে নজর কেড়েছে।
কলকাতায় ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সারেন দু’জনে। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। তবে এখানেই শেষ নয়। আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বসতে চলেছে তাঁদের ঐতিহ্যবাহী বিয়ের আসর। মেহেন্দি, সংগীত থেকে সাতপাক—সব আয়োজন ঘিরেই এখন অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।









