ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: প্রতিদিনের পনিরের তরকারি খেতে খেতে একঘেয়েমি লাগছে? তা হলে স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু পনির ইন হোয়াইট গ্রেভি। রেস্তরাঁর মেনুতে থাকা এই জনপ্রিয় পদটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই মজাদার। বিশেষ করে যাঁরা অতিরিক্ত ঝাল বা টম্যাটো দিয়ে তৈরি গ্রেভি পছন্দ করেন না, তাঁদের জন্য এটি দারুণ বিকল্প।
কী কী উপকরণ লাগবে?
২০০-২৫০ গ্রাম পনির
২টি পেঁয়াজ
১০-১২টি কাজুবাদাম
১ টেবিল চামচ পোস্ত
২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
আদা ও কাঁচালঙ্কা বাটা
এলাচ, দারচিনি ও লবঙ্গ
স্বাদমতো নুন, চিনি ও ঘি
কীভাবে বানাবেন?
প্রথমে পেঁয়াজ সেদ্ধ করে ঠান্ডা করে নিন। কাজুবাদাম ও পোস্ত ভিজিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এ বার কড়াইয়ে ঘি গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিন। তাতে আদা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়ুন।
এর পর পেঁয়াজের পেস্ট এবং কাজু-পোস্তর মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন। প্রয়োজনমতো জল দিয়ে গ্রেভি তৈরি করুন। নুন ও সামান্য চিনি মেশান। শেষে পনিরের টুকরো দিয়ে কয়েক মিনিট রান্না করুন। উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন।
গরমাগরম রুটি, নান কিংবা জিরা রাইসের সঙ্গে পরিবেশন করুন এই মোলায়েম ও সুস্বাদু পদ।








