ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: নির্বাচিত বোর্ড নেই, নাগরিক পরিষেবা নিয়েও বাসিন্দাদের অভিযোগ। তার মধ্যেই ধূপগুড়ি পুরসভায় শনিদেবের পুজো ঘিরে শহরজুড়ে আলোচনা শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার এই পুরসভায় নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে ভোট হয়নি। এখন মহকুমা শাসকের প্রশাসনিক তত্ত্বাবধানেই পুরসভার কাজ চলছে। শহরবাসীর অপেক্ষা, কবে হবে পুরসভার নির্বাচন।
পুরসভার চকচকে কাচে মোড়া ভবনের প্রধান প্রবেশদ্বারের পাশে এক কোণে সরকারি ত্রাণের প্লাস্টিক বিছিয়ে পুজোর আয়োজন করা হয়। পুরোহিত ডেকে আচার মেনে শনিদেবের পুজো হয়। সেখানে পুরকর্মীরাও উপস্থিত ছিলেন। শনিদেবের উদ্দেশে ভোগ নিবেদন করা হয়, পরে পুরসভার ভিতরে প্রসাদ বিলি করা হয়। পুজোর কারণ নিয়ে অবশ্য নানা প্রশ্ন উঠেছে।
পুর কর্তৃপক্ষের বক্তব্য, পাশের এলাকার প্রতিবেশীদের উদ্যোগেই পুজোর আয়োজন। স্থানীয় কয়েকজনের দাবি, সম্প্রতি পুরসভার একাধিক কর্মী পথ দুর্ঘটনার শিকার হয়েছেন, কেউ কেউ অসুস্থও। তাঁদের মঙ্গলকামনায় এবং শনির অশুভ প্রভাব কাটবে, এই বিশ্বাস থেকেই পুজো হয়েছে বলে মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের দাবি, কর্মীদের মঙ্গলকামনার পাশাপাশি দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা কাটানোর প্রার্থনাও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এই দাবির অবশ্য আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।
নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর ভোট না হওয়ায় প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন মহকুমা শাসক। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। বিভিন্ন পঞ্চায়েত ও জেলা পরিষদের ক্ষমতার সমীকরণেও বদল এসেছে, কিন্তু ধূপগুড়ি পুরসভায় নির্বাচন হয়নি। নাগরিক পরিষেবা, পরিকাঠামো এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে শহরবাসীর ক্ষোভ ও প্রশ্ন রয়েছে। ভোটের অপেক্ষার মধ্যেই পুরসভার ভিতরে শনিদেবের পুজো এখন আলোচনার কেন্দ্রে।







