মালবাজারে খাঁচাবন্দি চিতাবাঘ, আরও একাধিক চিতাবাঘ থাকার আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা!

মাল ব্লকের ডেমকা ঝোরা সরদারপাড়া ও গুয়াবাড়িতে বন দফতরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। এলাকায় আরও চিতাবাঘ থাকার আশঙ্কায় উদ্বেগে বাসিন্দারা।

Share:

ব্যুরো নিউজ ২৯ নভেম্বর ২০২৬ : মাল ব্লকের ডেমকা ঝোরা সরদারপাড়া ওগুয়াবাড়ি এলাকায় বন দফতরের পাতা খাঁচায় একটি চিতাবাঘ ধরা পড়েছে। বেশ কয়েক দিন ধরে লোকালয়ে চিতাবাঘের আনাগোনা ঘিরে আতঙ্কে ছিলেন বাসিন্দারা। খাঁচায় একটি চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা স্বস্তি মিললেও এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে, এই আশঙ্কায় উদ্বেগ কাটেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই চিতাবাঘটি লোকালয়ে ঢুকে উপদ্রব চালাচ্ছিল। কখনও গোয়ালঘরে ঢুকেছে, আবার কখনও গৃহস্থের গরু-ছাগল শিকার করে আতঙ্ক ছড়িয়েছে বন্যপ্রাণীটি। গবাদি পশুর উপর হামলার ঘটনায় এলাকার বাসিন্দাদের দুশ্চিন্তা বাড়ছিল। পরিস্থিতি সামাল দিতে বন দফতর প্রায় এক সপ্তাহ আগে ওই এলাকায় খাঁচা পাতে। খাঁচার ভিতরে টোপ হিসেবে একটি বাছুর রাখা হয়েছিল। বাছুরটির উপর হামলা চালাতে গিয়ে চিতাবাঘটি খাঁচাবন্দি হয়। এর আগে ডেমকা ঝোরা এলাকায়

একটি চিতাবাঘকে গোয়ালঘর থেকে গরু টেনে নিয়ে যেতে দেখা গিয়েছিল। স্থানীয়দের বক্তব্য, সেই চিতাবাঘটির থেকে এখন খাঁচায় ধরা পড়া প্রাণীটি আলাদা। তাই এলাকায় একাধিক চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে বলে তাঁদের অনুমান। একটি চিতাবাঘ খাঁচায় ধরা পড়লেও অন্য কোনও চিতাবাঘ এখনও লোকালয়ে আসতে পারে, এই আশঙ্কা রয়েছে বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা বেড়েছে। খাঁচায় চিতাবাঘ ধরা পড়ার পরেও ডেমকা ঝোরা সরদারপাড়া ও গুয়াবাড়ির বাসিন্দারা পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না।