ব্যুরো নিউজ ২৯ নভেম্বর ২০২৬ : মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী বাজারে অভিনব পদ্ধতিতে নিরঞ্জন হল ৪২ ফুটের মা কালীর প্রতিমার। চাকার গাড়ি বা কোনও যান্ত্রিক ব্যবস্থা ছাড়াই মোটা দড়িতে বেঁধে প্রতিমাকে এগিয়ে নিয়ে গেলেন শত শত ভক্ত। জগন্নাথদেবের রথযাত্রার মতো সম্মিলিত টানে ধীরে ধীরে এগিয়ে চলে বিশাল প্রতিমা। এই নিরঞ্জনকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। প্রত্যেক বছরের মতো এবারও ধুমধামের সঙ্গে সম্পন্ন হয়েছে বুলবুলচণ্ডী বাজার সার্বজনীন শ্রীশ্রী কালীপুজোর প্রতিমা নিরঞ্জন।
মালদা জেলার অন্যতম ঐতিহ্যবাহী এই পুজো উত্তরবঙ্গের বৃহত্তম কালীপুজোগুলির মধ্যে বিশেষ পরিচিত। প্রায় ৪২ ফুট উচ্চতার প্রতিমা দেখতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী আসেন। পুজোর অন্যতম আকর্ষণ নিরঞ্জনের এই অভিনব পদ্ধতি। মন্দির প্রাঙ্গণ থেকে প্রায় ৩০০ মিটার দূরে ডুবাপাড়া মাঠ সংলগ্ন একটি পুকুরে নিয়ে যাওয়া হয় প্রতিমাকে।
প্রতিমার কাঠামোর সঙ্গে মোটা দড়ি বেঁধে চাকার গাড়ি ছাড়াই শত শত মানুষ একসঙ্গে টান দেন। পুরো যাত্রাপথে কোনও যান্ত্রিক সহায়তা ব্যবহার করা হয়নি; প্রতিমা এগিয়ে নিয়ে যাওয়ার ভরসা ছিল ভক্তদের সম্মিলিত প্রচেষ্টা এবং দড়ি। পুজো উদ্যোক্তা হেমন্ত শর্মা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর নিরঞ্জন কিছুটা দেরিতে হয়েছে। তা সত্ত্বেও গোটা পর্বের আয়োজন হয়েছে জাঁকজমকের সঙ্গে। পুজো কমিটির সম্পাদক পীযুষ মণ্ডল বলেন, এ বছর পুজোর ৭৯তম বর্ষ। তাঁর কথায়, “ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে।” চাকার কোনও ব্যবস্থা ছাড়াই কেবল দড়ির সাহায্যে প্রতিমা নিয়ে যাওয়ার এই রীতিই নিরঞ্জন পর্বের অন্যতম আকর্ষণ।









