ভারতীয় পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ, নেপালের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নির্দেশ

নেপালের সুপ্রিম কোর্ট ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল। বালেন শাহ সরকারের বিতর্কিত সিদ্ধান্তে স্বস্তি পেলেন সীমান্ত এলাকার মানুষ ও ব্যবসায়ীরা।

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ ভারতীয় পণ্যের উপর নেপাল সরকারের শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল নেপালের সুপ্রিম কোর্ট। বালেন শাহর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ভারত থেকে ১০০ টাকার বেশি মূল্যের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছিল। এর জেরে ইন্দো-নেপাল সীমান্ত শুল্ক পোস্টগুলিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ব্যাপক সমস্যায় পড়েন।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নেপালের প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের জেরে সীমান্তে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। স্থানীয় নেপালিরা ভারত থেকে কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেন, কিন্তু নতুন শুল্কের কারণে তাঁদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছিল। চিপস, বিস্কুট এমনকি ছোটখাটো দৈনন্দিন জিনিসের উপরেও শুল্ক বসানো হচ্ছিল, যা সীমান্তরক্ষী ও সাধারণ মানুষের মধ্যে প্রায়শই বিবাদের কারণ হয়। এই পরিস্থিতিতে অ্যাডভোকেট অমিতেশ পণ্ডিত, আকাশ মাহাতো, সুয়াপিয়া সিং এবং বিক্রম শাহ নেপাল সরকারের এই কঠোর সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন। মামলার শুনানি শেষে বিচারপতি হরিপ্রসাদ ফিউয়াল এবং বিচারপতি ধুঙ্গানার বেঞ্চ শুক্রবার যুগান্তকারী নির্দেশ দেয়।

আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত থেকে আসা দৈনন্দিন পণ্যের উপর শুল্ক চাপানো ‘অন্যায় ও ভুল’। চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত নেপালের শুল্ক বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় দৈনন্দিন ব্যবহার্য পণ্যের উপর কোনও শুল্ক বসাবে না। এই অন্তর্বর্তীকালীন নির্দেশের ফলে সীমান্ত এলাকার মানুষ ও ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছেন।