অল্টম্যানকে সরানোর চাল ভেস্তে গেল মাস্কের! OpenAI মামলায় বড় রায় আমেরিকান আদালতের

মার্কিন আদালতে OpenAI ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক। তামাদি আইনের কারণে খারিজ হল তাঁর আবেদন, স্বস্তিতে অল্টম্যান।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে বড়সড় ধাক্কা খেলেন ধনকুবের ইলন মাস্ক। তাঁর দায়ের করা AI গবেষণা সংস্থা OpenAI এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে চুক্তিভঙ্গের মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক ইভন গঞ্জালেজ রজার্স। সোমবার (স্থানীয় সময় অনুযায়ী) এই রায় ঘোষণা করা হয়। মামলার জুরি সদস্যরা এবং বিচারক মূলত ‘তামাদি আইন’ (Statute of Limitations)-এর ভিত্তিতে মাস্কের আবেদন খারিজ করে দিয়েছেন।

তাঁদের মতে, মাস্ক আইনি পদক্ষেপ করতে অনেকটাই ‘দেরি’ করে ফেলেছেন। ২০১৫ সালে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে OpenAI-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন মাস্ক। ২০১৮ সালে তিনি সংস্থার পরিচালন পর্ষদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০২৪ সালে তিনি ক্যালিফোর্নিয়ার আদালতে OpenAI ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাস্কের অভিযোগ ছিল, OpenAI তার মূল ‘অলাভজনক’ লক্ষ্য থেকে সরে এসে বাণিজ্যিক মুনাফা লোটার খেলায় মেতেছে।

অন্যদিকে, OpenAI-এর আইনজীবীরা দাবি করেন, সংস্থাকে আজীবন অলাভজনক রাখার কোনও লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তাঁদের পাল্টা অভিযোগ ছিল, মাস্ক নিজেই সংস্থার একচ্ছত্র নিয়ন্ত্রণ হাতে না পাওয়ার ক্ষোভ থেকে এই মামলা করেছিলেন। গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই হাই-প্রোফাইল মামলার শুনানিতে ইলন মাস্ক, স্যাম অল্টম্যান, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা-সহ প্রযুক্তি বিশ্বের একাধিক মহারথী সাক্ষ্য দেন। দীর্ঘ তিন সপ্তাহের শুনানি শেষে মাত্র দুই ঘণ্টা আলোচনার পরেই নয় সদস্যের জুরি বোর্ড মাস্কের বিপক্ষে রায় দেয়।

মূলত আইনি সময়সীমার মধ্যে মামলা দায়ের না করার প্রযুক্তিগত কারণেই এই মামলাটি খারিজ হয়ে যায়। এর ফলে অল্টম্যানকে অপসারণ ও ক্ষতিপূরণ চেয়ে মাস্কের আইনি লড়াই সফল হল না। এই রায় তাঁর নিজস্ব এআই সংস্থা ‘xAI’-কে সুবিধা পাইয়ে দেওয়ার কৌশলকেও ধাক্কা দিল।