ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬: খড়্গপুরে চলন্ত বাইকে এক স্কুলছাত্রকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার সকালে খড়্গপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। গীতাঞ্জলি হলের কাছাকাছি একটি গলিতে ১৫ বছর বয়সি অক্ষয় ঝা নামে ওই ছাত্রকে গুলি করা হয়। তার বুকে গুলি লাগে বলে খবর। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও, পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে অক্ষয় অন্য এক ব্যক্তির সঙ্গে বাইকের পিছনে বসে যাচ্ছিল। সেই সময় দুটি দুষ্কৃতী বাইকে এসে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। গুলি লাগতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অক্ষয়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তাকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, অক্ষয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এর ফলে তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
এই ঘটনায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ দোষীদের ধরতে ব্যাপক তল্লাশি শুরু করেছে।
প্রকাশ্যে দিনের বেলায় এমন গুলি চালানোর ঘটনায় খড়্গপুর শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো বিষয়, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত প্রকৃত দোষীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। শহরের বুকে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।








