আরজি কর মামলা: সিবিআই SIT গঠন, হাইকোর্টের কড়া নির্দেশ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা হাইকোর্ট। ঘটনার পুঙ্খানুপুঙ্খ টাইমলাইন চায় আদালত।

Share:

ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। এবার থেকে সিবিআই-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম-অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) এই মামলার তদন্ত করবে। আদালত ঘটনার পুঙ্খানুপুঙ্খ ‘টাইমলাইন’ তৈরির জন্য সিবিআই-কে কড়া নির্দেশ দিয়েছে।

বিচারপতির নির্দেশ, ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সহকর্মীদের সঙ্গে খাবার খাওয়ার সময় থেকে শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত মাঝের সময়ে ঠিক কী কী ঘটেছিল এবং কারা উপস্থিত ছিলেন, তার সম্পূর্ণ ও অখণ্ড ঘটনাক্রম সিবিআই-কে নতুন করে এবং নির্দিষ্টভাবে খতিয়ে দেখতে হবে। সত্য উদ্ঘাটনের স্বার্থে এবং এই বৃহৎ ষড়যন্ত্রের গোড়ায় পৌঁছতে মামলার যে কোনও প্রয়োজনীয় দিক খতিয়ে দেখার জন্য সিবিআই-কে পূর্ণ স্বাধীনতা ও ক্ষমতা দেওয়া হয়েছে। এদিনের শুনানিতে সিবিআই-এর তদন্তের ধীর গতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে আদালত। গত বছরের ৭ অক্টোবর প্রাথমিক চার্জশিট দাখিল করার পর থেকে এই ১ বছর ৭ মাস ধরে কী তদন্ত হল, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।

সিবিআই-এর আইনজীবীরা জানান, এই সময়ে প্রায় ৭০ থেকে ৮০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির বয়ান ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্থা ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ানোয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিষয়টি যায়। এরপর প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে নতুন বেঞ্চ গঠিত হয়, যা বর্তমানে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে বিচারাধীন।