ব্যুরো নিউজ, ২১ মে ২০২৬ঃ পুলওয়ামা জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড তথা পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হামজা বুরহানকে গুলি করে হত্যা করল অজ্ঞাত পরিচয় আততায়ীরা। পাকিস্তানের মুজাফফরবাদের কাছেই বুরহানকে দেখতে পেয়ে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই মূলচক্রীর।
বিভিন্ন সূত্র মারফত খবর, হামজা আল বদরের শীর্ষ কমান্ডার ছিল। তার পুরো নাম আরজুমান্দ গুলজার দার ওরফে ডক্টর। দীর্ঘদিন ধরে ভারত বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে সে যুক্ত ছিল। দক্ষিণ কাশ্মীরের তরুণদের সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত করার ক্ষেত্রে এই পাকিস্তানি সন্ত্রাসীর বড় ভূমিকা ছিল। ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই হামজাকে জঙ্গি হিসেবে চিহ্নিত করেছিল। এরপর থেকেই তার খোঁজ শুরু হয়। জানা গিয়েছে, হামজা পুলওয়ামার বাসিন্দা হলেও প্রায় ৭ বছর আগে বৈধ নথি দেখিয়ে পাকিস্তানে গিয়েছিল। সেখানেই সন্ত্রাসী সংগঠন আল বদরে যোগ দেয় এবং পরবর্তীতে ওই সংগঠনের অপারেশনাল কমান্ডার হয়। এরপর একে একে পাকিস্তান থেকে সন্ত্রাসী নিয়োগ করে ভারতে হামলা চালানোর সমস্ত ছক কষতো এই হামজা।
ভারতীয় নিরাপত্তা সংস্থা দীর্ঘদিন ধরে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছিল। দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাস ছড়ানো এবং যুবকদের জোর করে সংগঠনে নিয়োগ করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। সন্ত্রাসবাদের জন্য আর্থিক সহায়তা সংগঠিত করা এবং পুলওয়ামার একাধিক স্থানীয়কে ভারতে হামলা চালাতে মদত যোগানোর ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করেছিল সদ্য প্রয়াত হামজা।








