ব্যুরো নিউজ, ৭ অক্টোবর ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা পূর্ণ করলেন। বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি গীতার শ্লোক উদ্ধৃত করে ‘কর্মভূমি’ ভারতে এক নতুন অধ্যায়ের সূচনা করার বার্তা দিলেন।
‘মা ফলেষু কদাচন’ – গীতার এই শ্লোক উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি কখনও ফলের আশা করেন না, কেবল দেশ ও দেশের মানুষের উন্নতিতেই কাজ করে যাওয়াই তাঁর সংকল্প। নিজেকে ‘সেবক’ হিসেবে পরিচয় দিয়ে মোদি জানান, ‘কর্মই আমার ধর্ম’। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ভারতের নতুন অধ্যায়ের সূচনা হবেই।
ভাষণের শুরুতেই দেশবাসীকে মাথানত করে প্রণাম জানানোর পাশাপাশি তিনি ‘উই উইল ডু ইট’ স্লোগান দেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় একাধিকবার আবেগপ্রবণ হলেও দেশের উন্নতিতে কঠিন বার্তা দেওয়ার সময় তাঁর চোয়াল শক্ত হয়ে ওঠে। তিনি নিজেকে আজীবন শিক্ষার্থী মনে করেন এবং শেখার শক্তি যেন কখনও কম না হয়, সেই ইচ্ছাও প্রকাশ করেন।
তাঁর কথায়, প্রতিটি দিনই নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে। করোনা পরিস্থিতি মোকাবিলা থেকে শুরু করে মাওবাদী দমন এবং জঙ্গি ইস্যুতে পাকিস্তানকে ‘শিক্ষা’ দেওয়ার বার্তা তাঁর ভাষণে উঠে আসে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারতের অগ্রগতি ও নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।
এই ২৫ বছরের পথচলায় তিনি দেশের প্রতিটি নাগরিকের পাশে থাকার অঙ্গীকার করেন এবং তাঁদের সম্মিলিত শক্তিই নতুন ভারত গড়ার মূল ভিত্তি বলে উল্লেখ করেন।
তাঁর এই প্রত্যয়ী ভাষণ দেশের ভবিষ্যৎ দিশা সম্পর্কে এক স্পষ্ট বার্তা দেয়, যেখানে কর্মনিষ্ঠা ও সেবাপরায়ণতাই মূল মন্ত্র।








