ব্যুরো নিউজ, ২৭ মে ২০২৬ঃ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় মাটি খুঁড়ে বস্তা বস্তা টাকা ও সোনার গয়না উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁর পার্টি অফিসের লাগোয়া একটি জমিতে মাটি খুঁড়ে এই বিপুল পরিমাণ অর্থ ও গয়না উদ্ধার করা হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ, চলছে টাকা গোনার কাজ।
পুলিশ সূত্রে খবর, গত সোমবার বাদুড়িয়ায় একটি নির্জন বাগান বাড়িতে নথি পোড়ানোর খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। পরে সেই বাগানবাড়ি থেকে কয়েক হাজার সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। জানা যায়, সেটি ছিল চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাগানবাড়ি। পুলিশের তল্লাশির ফাঁকে তিনি পালিয়ে গেলেও পরে গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে দীপঙ্করকে ছ’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
বুধবার সকালে স্থানীয় মানুষজন দীপঙ্করের একটি পার্টি অফিস লাগোয়া এলাকায় মাটি খোঁড়ার সময় বেশ কিছু বাক্সের সন্ধান পান। প্রথমে বোমাতঙ্ক ছড়ালেও, পুলিশ এসে দেখে বাক্সগুলিতে টাকা ও সোনার গয়না ভর্তি রয়েছে। এরপরই দীপঙ্কর ভট্টাচার্যকে ঘটনাস্থলে নিয়ে আসা হয় এবং তাকে সঙ্গে নিয়েই তল্লাশি শুরু হয়। টাকা গোনার জন্য যন্ত্র আনা হয়েছে। মাটির নীচ থেকে বস্তা বস্তা টাকা উদ্ধারের খবরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। ধৃতকে নিয়ে পুলিশ এলাকায় পৌঁছতেই সাধারণ মানুষ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। বেশ কিছুক্ষণ দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে এলাকায় তল্লাশি চালায় পুলিশ।








