ব্যুরো নিউজ, ২৫শে নভেম্বর ২০২৬ : মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে বেশিরভাগ ছেলেমেয়েই স্কুলের পরীক্ষা আর খেলার মাঠের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সেই গোটা ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিলেন বৈভব সূর্যবংশী। দোহায় উঠতি তারকাদের এশিয়া কাপে মঙ্গলবার যা করলেন তিনি, তা শুধু একটা ইনিংস নয়, তা একেবারে ইতিহাস! মাত্র ৫৩ বলে ২০৪ রান! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। একের পর এক ছক্কা, চারের বন্যা, আর ভয়ডরহীন ব্যাটিংয়ে তিনি ভেঙে দিলেন একাধিক বিশ্বরেকর্ড। মাঠে উপস্থিত দর্শক থেকে শুরু করে টিভির সামনে বসে থাকা কোটি কোটি ক্রিকেটপ্রেমী, সবাই তখন শুধু একটাই নাম জপ করছেন, বৈভব সূর্যবংশী।
এই বিধ্বংসী ইনিংসে মুগ্ধ ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও। ৩৬০ ডিগ্রি ব্যাটিংয়ের তারকা বৈভবকেই নিজের অনুপ্রেরণা বলেছেন। ইনিংস দেখার কয়েক ঘণ্টার মধ্যে সমাজমাধ্যমে সূর্য লেখেন, “বৈভব সূর্যবংশী। এখন থেকে তুমিই আমার অনুপ্রেরণা। কী অসাধারণ ক্রিকেটার।” এক তারকা অধিনায়ক ১৫ বছরের কিশোরকে অনুপ্রেরণা বললে বোঝা যায়, বৈভব কত বড় কাণ্ড ঘটিয়েছেন।
আসলে সূর্যের সঙ্গে বৈভবের পরিচয় নতুন নয়। আইপিএলে খুব কাছ থেকে এই কিশোর ব্যাটারকে খেলতে দেখেছেন তিনি। তখনই তাঁর আগ্রাসী ব্যাটিং, বলের উপর চোখ আর নির্ভীক মানসিকতা নজর কেড়েছিল সূর্যের। আর এবার টিভিতে বসে তাঁর রেকর্ড গড়া পারফরম্যান্স দেখে যেন আবারও নতুন করে প্রেমে পড়ে গেলেন তিনি।
শুধু সূর্যকুমার নন, বৈভবের প্রশংসায় পঞ্চমুখ ভারতের আরেক কিংবদন্তি যুবরাজ সিংহও। ছয় বলে ছয় ছক্কার নায়ক যুবরাজ নির্ভীক ব্যাটিংয়ের মর্ম ভালোই বোঝেন। তাঁর মতে, বৈভব বিশেষ প্রতিভা। তিনি বলেন, সাহসী ব্যাটিং ছাড়া ৫২ বলে দ্বিশতরান অসম্ভব, এটি রানের পাশাপাশি সাহসেরও প্রমাণ। যুবরাজ বৈভবকে কঠোর অনুশীলন চালিয়ে যেতে ও সফর উপভোগ করতে বলেছেন। তাঁর বিশ্বাস, বৈভবের সেরা সময় সামনে, আর অপেক্ষা করছে আরও বড় সাফল্য।









