ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করে দেয়, যার ফলে পাকিস্তানে জল সংকট দেখা দেয়। ইসলামাবাদ বারবার চুক্তি পুনর্বহালের কথা বললেও, ভারত নিজের সিদ্ধান্তে অনড় ছিল। সম্প্রতি পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি হুঁশিয়ারি দিলেও, এবার সুর নরম করে ভারতকে সিন্ধু জলচুক্তিকে সম্মান জানানোর আহ্বান জানাল পাকিস্তান।
বিগত দিনগুলিতে হুমকি দিয়ে কাজ না হওয়ায় এবার সুর নরম করল ইসলামাবাদ। গত মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দুশানবে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক জল সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সমন্বয়কারী মন্ত্রী ড: মুসাদিক মালিক ভারতকে এই চুক্তিকে সম্মান জানানোর আহ্বান জানান। ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুসাদিক বলেন, “যৌথ জল বন্টন চুক্তি নিয়ে ভারত রাজনীতি করছে! আন্তঃসীমান্ত নদীগুলিকে প্রভাবিত করে ভারতের একতরফা পদক্ষেপ আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জে রূপান্তরিত হতে পারে।”
তিনি ভারতকে আন্তর্জাতিক মধ্যস্থতা ব্যবস্থা মেনে চলারও আহ্বান জানান, যা ভাটির দেশগুলিতে বিরূপ প্রভাব ফেলছে। প্রসঙ্গত, সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে পাকিস্তান নিজেদের মতামত রাখলেও ভারত তার পুরনো অবস্থানে অনড়। নয়া দিল্লির তরফে আগেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, রক্ত আর জল একসাথে বইতে পারে না। পাকিস্তানের সাথে যদি কোনও আলোচনা হয় তবে তা হবে সীমান্তে সন্ত্রাস বন্ধ করা নিয়ে। নিরীহদের উপর হওয়া হামলা ভারত কোনও ভাবেই বরদাস্ত করবে না।








