অভিষেক কাণ্ড নিয়ে পরোক্ষ বার্তা মুখ্যমন্ত্রীর? ফলতার চতুর্থ শক্তিকে গুরুত্ব নেই, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

ফলতায় চতুর্থ হওয়া দলকে গুরুত্ব নেই, মুখ্যমন্ত্রীর মন্তব্যে অভিষেকের জনরোষের ঘটনা নিয়ে পরোক্ষ বার্তা?

Share:

ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ : সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তিনি বলেন, ‘ফলতায় পুনর্নির্বাচনে যে দল চতুর্থ হয়েছে, যে দল কার্যত উঠে গিয়েছে, সেই দলের কাউকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে অনেকেই মনে করছেন, সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনরোষের ঘটনা নিয়েই তিনি পরোক্ষে বার্তা দিয়েছেন। যদিও শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে সরাসরি সোনারপুরের ঘটনার বা অভিষেকের নাম উল্লেখ করেননি।

প্রসঙ্গত, গত শনিবার সোনারপুরে দলের নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, সেখানে তাঁকে মারধর করা হয় এবং এই ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে বিজেপির দিকে আঙুল তোলে তৃণমূল। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি অনেক জায়গায় দেখছি, পার্টি অফিস থেকে সরকারি ত্রাণ উদ্ধার হচ্ছে। তা নিয়ে অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের এ সব করার দরকার নেই। পুলিশ, বিডিও এঁদের ডাকুন। প্রশাসন যা করার করবে। আপনাদের আইন হাতে নেওয়ার প্রয়োজন নেই।’ রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভের ঘটনার প্রেক্ষিতেই তাঁর এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। শুধু অভিষেক নন, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি জনরোষের মুখে পড়েছেন।