রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান শিবির শ্যামপুরে

রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে হাওড়ার শ্যামপুরে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান শিবির। ৩৩ জন রক্ত সৈনিকের রক্তদানে জীবন বাঁচানোর অঙ্গীকার।

Share:

ব্যুরো নিউজ, ২১ আগস্ট ২০২৬: হাওড়ার শ্যামপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হলো। শ্যামপুরের শশাটির বিশ্বদীপা ম্যারেজ হলে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। ভারতরত্ন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে এই রক্তদান শিবিরের সূচনা করেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সদস্য আতিয়ার রহমান খান। উপস্থিত অতিথিরাও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে আয়োজিত এই কর্মসূচিতে রক্ত সৈনিকদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য পলাশ ভান্ডারী, প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, হাওড়া জেলা কংগ্রেস নেতা শেখ নাজির (বাদশা), আবুল কালাম নাজির, প্রদেশ কংগ্রেস সদস্য উজ্জ্বল চৌধুরী, আমতা যুব কংগ্রেস সভাপতি আবু আসলাম কাজী এবং হাওড়া জেলা কংগ্রেস মিডিয়া কো-অর্ডিনেটর সেখ সামিউল রহমান সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। উলুবেড়িয়ার ফুলেশ্বর সঞ্জীবনী হসপিটাল ব্লাড সেন্টার রক্ত সৈনিকদের থেকে রক্ত সংগ্রহ করে। এই বিশেষ দিনে ৫ জন মহিলা সহ মোট ৩৩ জন রক্ত সৈনিক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষার্থে রক্তদান করে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন।

হাওড়া জেলা কংগ্রেস কমিটির সদস্য আতিয়ার রহমান খান জানান, ২০১২ সাল থেকে তাঁরা নিরবচ্ছিন্নভাবে এই রক্তদান শিবির পালন করে আসছেন, যা এবারে ১৩তম বর্ষে পদার্পণ করলো। মাঝে দু’বছর করোনা পরিস্থিতির কারণে শিবির বন্ধ থাকলেও, তারপর থেকে নিয়মিত এই উদ্যোগ চলছে। তিনি আরও বলেন, তাঁদের অধীনে এলাকার ৫ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রয়েছে, যাদের সুস্থ জীবন ও রক্তের যোগান বজায় রাখতেই প্রতি বছর এই কর্মসূচি গ্রহণ করা হয়।