ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের কাছ থেকে ছাত্র সংসদ বাবদ কোনও ফি বা তহবিল নেওয়া যাবে না বলে নির্দেশ জারি করেছে উচ্চশিক্ষা দফতর। পাশাপাশি, আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে আগামী ৩০ দিনের মধ্যে তাদের অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শুভেন্দু সরকার শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনতে বদ্ধপরিকর। বর্তমানে রাজ্যের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই নির্বাচিত ছাত্র ইউনিয়ন না থাকায়, এই ধরনের ফি নেওয়া সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দফতর আরও জানিয়েছে যে, এতদিন ধরে ছাত্র সংসদ ফি বাবদ কত টাকা তোলা হয়েছে এবং তা কী খাতে খরচ করা হয়েছে, তারও সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের উপর থেকে আর্থিক চাপ কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটি ভয়মুক্ত পরিবেশ তৈরি করা।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, অতীতে বহু কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদকে কেন্দ্র করে দালালি, জোরপূর্বক টাকা তোলা এবং ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে। এই ধরনের অভিযোগ শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করত এবং সাধারণ পড়ুয়াদের মধ্যে অসন্তোষ বাড়াত। প্রশাসনের এই পদক্ষেপ সেই দুর্নীতি ও ভয়ের পরিবেশ ভাঙতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষাক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে এবং ছাত্রছাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, এই নির্দেশ কতটা কার্যকর হয় এবং শিক্ষাঙ্গনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।







