ব্যুরো নিউজ, ১২ আগস্ট ২০২৬: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রংবদল ঘিরে ফের উত্তপ্ত হল কলকাতার রাজনৈতিক মহল। গতকাল বাম সমর্থিত নাট্যকর্মীরা গেরুয়া রং সাদা করে দেওয়ার পর, আজ সকালে ফের তা সাদা থেকে গেরুয়া করে দিল বিজেপি কর্মীরা। শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ ও ‘বন্দে মাতরম’ স্লোগান দিতে দিতে এই রংবদল করেন।
ঘটনার সূত্রপাত গত ১২ জুলাই, যখন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং গেরুয়া করা হয়। বিজেপি কর্মীদের দাবি ছিল, স্বামী বিবেকানন্দের ঐতিহ্য রক্ষার্থেই এই রং।
এরপর সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে নাট্যকর্মীরা সেই গেরুয়া রং সাদা করে দেন। আজ ফের রং বদলের পর বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “এই টিকিট কাউন্টারের রং গেরুয়া এবং চকলেট ছিল। বামেরা এখানে লাল ঝাণ্ডা দিয়ে ভরিয়ে রেখেছিল। দুর্নীতি চলছে, কিন্তু তাতে বামেদের সমস্যা নেই। যে রং ছিল, সেই রংই হবে।” উল্লেখ্য, প্রথমবার রং গেরুয়া করার সময় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রং বদলের রাজনীতিকে অন্যায় বলেছিলেন এবং পরিবর্তনের আশ্বাসও দিয়েছিলেন। তবে সময় মতো রং পরিবর্তন না হওয়ায় নাট্যকর্মীরা নিজেরাই পদক্ষেপ করেন। এই দফায় দফায় রংবদল শহরের সাংস্কৃতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।








