ব্যুরো নিউজ, ২ জুন ২০২৬ঃ রাজ্যে সরকারি চাকরির প্রত্যাশায় থাকা লক্ষ লক্ষ যুবক-যুবতীর জন্য এক বিরাট সুসংবাদ নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের চারটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই বড় ঘোষণাটি করেন। মুখ্যমন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে খালি থাকা প্রায় ৫০ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এর পাশাপাশি, দ্রুত একটি নতুন নিয়োগ নীতিও আনা হবে, যা চাকরিপ্রার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা পদগুলি দ্রুত পূরণ করা অত্যন্ত জরুরি। তাই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও দ্রুততা বজায় রেখে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন সরকারি দপ্তরগুলিতে দীর্ঘদিনের কর্মীসংকট কমবে, তেমনই অন্যদিকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এক বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এই পদক্ষেপ প্রশাসনিক কাজের গতি বাড়াতেও সাহায্য করবে। সরকারি সূত্রে খবর, আগামী ৫ জুনের মধ্যেই নতুন নিয়োগ নীতি প্রকাশ করা হতে পারে। এরপর ধাপে ধাপে বিভিন্ন সরকারি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। তবে অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে এই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সূত্রের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হলে নতুন স্থায়ী পদে নিয়োগের সুযোগ কমে যেতে পারে। সরকারের লক্ষ্য শূন্যপদ পূরণ করে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং রাজ্যের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। চাকরিপ্রার্থীরা এখন নতুন নীতির বিস্তারিত ঘোষণার অপেক্ষায়।







