মমতার বড় রদবদল: চন্দ্রিমা রাজ্য সভাপতি, অভিষেকের দায়িত্ব ভাগ, ছাত্র সংগঠনে প্রিয়াঙ্কা

তৃণমূলে বড় সাংগঠনিক রদবদল। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভাপতি, অভিষেকের দায়িত্ব ভাগ। ছাত্র সংগঠনে প্রিয়াঙ্কা, শ্রমিক সংগঠনে মলয় ঘটক। কালীঘাটে মমতার বৈঠকে সিদ্ধান্ত।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ তৃণমূল কংগ্রেসে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই পরিবর্তনের ঘোষণা করা হয়। দীর্ঘদিনের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর স্থলাভিষিক্ত হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনে নতুন ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে এবং দলের সমস্ত দায়িত্ব কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে না রেখে অভিজ্ঞ নেতৃত্বকে সামনে আনা হয়েছে।

রাজ্য সহ-সভাপতি হয়েছেন সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর এবং নয়না বন্দ্যোপাধ্যায়। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন শুভাশিস চক্রবর্তী। জাতীয় স্তরে যুগ্ম জাতীয় সাধারণ সম্পাদক পদে দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েনকে আনা হয়েছে। যুব সংগঠনে সায়নী ঘোষই দায়িত্বে বহাল থাকলেও, ছাত্র সংগঠনে নতুন মুখ প্রিয়াঙ্কা অধিকারীকে আনা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। শ্রমিক সংগঠনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে মলয় ঘটককে।

এছাড়াও, হকার সংগঠনের দায়িত্ব পেয়েছেন মদন মিত্র। দলের অন্দরে চলা নানা জল্পনার মাঝেই এই রদবদলকে তৃণমূলের পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতা হারানোর পর সংগঠনকে নতুনভাবে গুছিয়ে তোলা, কর্মীদের মধ্যে আস্থা ফেরানো এবং বিভিন্ন স্তরে নেতৃত্বের ভারসাম্য তৈরি করাই এখন দলের প্রধান লক্ষ্য বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আগামী দিনে এই নতুন নেতৃত্ব কতটা কার্যকরভাবে সংগঠনকে একত্রিত করতে পারে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।