ব্যুরো নিউজ , ৬ জুন ২০২৬ঃ পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হল প্রবল বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি। শনিবার দুপুর থেকেই কলকাতা, হাওড়া, বর্ধমান সহ একাধিক জেলায় তীব্র ঝড়-বৃষ্টির তাণ্ডব দেখা যায়। আচমকা আবহাওয়ার মুড বদলে দুপুরেই নেমে আসে সন্ধ্যার আঁধার। তীব্র ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কিছু সময়ের মধ্যে কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রায় ২০-৪০% এলাকায় ব্যাপক বজ্রপাতসহ ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও প্রবল বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, পূর্ব উত্তর প্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর একটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে এই দুর্যোগ। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই রীতিমতো দুর্যোগ শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই বাড়ির বাইরে থাকলে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বড় বিপদ ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে ঝড়-বৃষ্টি।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই প্রকৃতির তাণ্ডব শুরু হবে। রবিবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির দাপট চলবে।







